তিন বছরেও কাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুর এলাকায় শ্রীমতখালী খালের ওপর নির্মিত একটি ব্রিজের নির্মাণকাজ গত তিন বছরেও শেষ হয়নি। এতে নওগাঁ-বান্দাইখাড়া সড়ক দিয়ে চলাচলকারী লোকজন প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
রানীনগরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত ২০১২-১৩ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) ও স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) যৌথ অর্থায়নে এ ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের নভেম্বরে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপরই ১৫ মিটার দীর্ঘ ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। জাকিয়া বিল্ডার্স ও সিদ্ধার্থ কুমার বিল্ডার্স নির্মাণকাজ পায়। গত বছরের জুলাইয়ে ব্রিজটির দুটি ইস্পাত ও পাটাতন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু চলাচল শুরুর আগেই পাটাতনে ফাটল দেখা দেয়। এ অবস্থায় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারকে পাটাতন আরও শক্তিশালী করার নির্দেশ দেন। বর্তমানে পাটাতনটি পুনঃসংস্কারের কাজ চলছে।
সরেজমিনে গত ২৫ ফেব্রুয়ারি দেখা যায়, ব্রিজটির পাটাতনে ফাটল দেখা দেওয়া অংশে যেনতেনভাবে ইট-সিমেন্ট লাগিয়ে দায়সারাভাবে কাজ করা হয়েছে। পাটাতনের যেখানে যেখানে নতুন করে ইট-সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে, সেখানে ব্রিজের নিচ দিক থেকে খুঁটি দিয়ে ঠেস দিয়ে ভার সামলানো হচ্ছে। বিকল্প উপায় না থাকা এবং ব্রিজের দুপাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় স্থানীয় লোকজন ব্রিজের সঙ্গে বাঁশের চাটাই লাগিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ তৈরি করে চলাচল করছে। মিরাট গ্রামের বাসিন্দা মাহতাব হোসেন, শাহীন ও মহীর উদ্দিন বলেন, রাণীনগরের মিরাট, আত্রাইয়ের হাটকালুপাড়া ও কালকাপুর, মান্দার কশব ও বিষ্ণুপুর এবং নওগাঁ সদরের শিকারপুর ইউনিয়নের ২০ থেকে ২৫ হাজার মানুষ প্রতিদিন এ ব্রিজ দিয়ে যাতায়াত করে। এটির নির্মাণকাজ শেষ হলে এলাকায় কৃষিপণ্য পরিবহন ও এলাকাবাসীর যাতায়াতে অনেক সুবিধা হতো।
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, ব্রিজটির নির্মাণকাজ শুরু হওয়ার পর এলাকাবাসী আশায় বুক বেঁধেছিল। কিন্তু ব্রিজ নির্মাণে এই দীর্ঘসূত্রতায় এলাকার লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া ব্রিজের কাজও হয়েছে অত্যন্ত নিম্নমানের। কাজেই চলাচল শুরু হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। যে কাজ হয়েছে, এতে এই ব্রিজ কত দিন টিকবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান জাকিয়া বিল্ডার্সের মালিক ময়নুল ইসলাম ভুট্টো বলেন, ‘সময়মতো বরাদ্দ না পাওয়ায় কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে আগামী জুন-জুলাইয়ের আগেই কাজ শেষ হবে বলে আমার বিশ্বাস।’ এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ‘ব্রিজের কাজ নিম্নমানের হয়নি। ফাটল দেখা যাওয়ার যে কথা বলা হচ্ছে, তা ঠিক না। আমাকে যেভাবে বলা হয়েছিল সেভাবেই কাজ করেছি। তবে উপজেলা প্রকৌশলীর নির্দেশে বেসমেন্টটা আরও শক্তিশালী করা হচ্ছে।’
উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, ‘কাজটি এডিবি ও এলজিএসপির দুটি প্রকল্পের মাধ্যমে হওয়ায় ধাপে ধাপে বরাদ্দ আসছে। এ জন্য কাজ শেষ করতে সময় লাগছে। তবে মূল কাজ মোটামুটি শেষ। এখন সংযোগ সড়ক নির্মাণ হলেই ব্রিজটি চলাচলের সম্পূর্ণ উপযোগী হবে।’ তবে ব্রিজের কাজ নিম্নমানের হয়েছিল বলে স্বীকার করে তিনি বলেন, ‘ব্রিজের কাজ একটু নিম্নমানের হয়েছিল। কিন্তু সে ঘাটতি পূরণের জন্য ব্রিজের ভিত্তি এবং বেসমেন্টকে শক্তিশালী করার কাজ চলছে।’