তিন বছরেও কার্যকর হয়নি সেই রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর বয়স ২১ বছর বা বিয়ে না হওয়া পর্যন্ত যাবতীয় খরচ বহন করবে রাষ্ট্র। তিন বছর পেরিয়ে গেলেও আদালতের এ রায় এখন পর্যন্ত কার্যকর হয়নি। আমলাতান্ত্রিক জটিলতায় নানা টেবিল ঘুরে সেই ফাইল এখন কোথায় আছে, তাও জানা যায়নি। শিশুটির মা জানেন না কোথায় গিয়ে আবেদন করলে কাজ হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালে গোপালগঞ্জের একটি আদালত ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পায়নি পরিবারটি। সম্প্রতি সমাজের চাপে বাবার বাড়িও ছাড়তে হয়েছে ভুক্তভোগী মা-শিশুকে। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে বলেন, ‘আদেশটি নতুন ধরনের হওয়ায় কোন নিয়মে কার্যকর করা হবে, সেটা ঠিক করতেই সময় লাগছে। আসামিরও এমন কোনো সম্পদ নেই, যা ক্রোক করে ভরণপোষণের অর্থ সংগ্রহ করা যাবে।’ তবে জেলা প্রশাসকের এই মন্তব্যকে দায়িত্ব এড়ানোর চেষ্টা উল্লেখ করে বাদীপক্ষের আইনজীবী এফ এম গোলাম রসুল খান বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১৩ ধারায় এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে। কোন কোন ক্ষেত্রে রাষ্ট্র ভরণপোষণের দায়িত্ব নিতে পারে, সেটা আইনেই আছে।’ তিনি আরও বলেন, আইনানুযায়ী অপরাধের শিকার হওয়া শিশু ২১ বছর বা মেয়ে শিশুর ক্ষেত্রে বিয়ে না হওয়া পর্যন্ত রাষ্ট্র ব্যয় বহন করবে।সূত্র জানায়, রায়ের পর রাষ্ট্রপক্ষে গোপালগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক ওই শিশুর ভরণপোষণ বাবদ প্রায় চার লাখ টাকা চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দেন। সেখান থেকে চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব ও সর্বশেষ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পৌঁছানোর পর আর কোনো অগ্রগতি জানা যায়নি।উল্লেখ্য, ২০০৪ সালের সেপ্টেম্বরে কাশিয়ানী উপজেলার এক গ্রামে ধর্ষণের ঘটনায় ২০০৫ সালে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। দুই বছরের বিচারকাজ শেষে ২০০৭ সালের সেপ্টেম্বরে ধর্ষক রাজিবুল শেখকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণে রাষ্ট্রের দায়িত্ব বিষয়ে নির্দেশনা জারি করেন আদালত।