তিন বছরেও চার অস্ত্রোপচারকক্ষ চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চারটি অস্ত্রোপচারকক্ষ তিন বছরেও চালু হয়নি। এর ফলে রোগীদের জরুরি অস্ত্রোপচারে বিঘ্ন ঘটছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় সার্জারি বিভাগে নয়টি ওয়ার্ড আছে। প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেক নারী-পুরুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন। এসব রোগীর অস্ত্রোপচারে যাতে বিলম্ব না হয়, সে জন্য তিন বছর আগে হাসপাতালের নিচতলায় চারটি অস্ত্রোপচারকক্ষ তৈরি হয়। ডায়াথার্মি, সাকার যন্ত্র, অ্যানেসথেসিয়া যন্ত্র, ওটি বাতিসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে অস্ত্রোপচারকক্ষগুলো (অপারেশন থিয়েটার) ব্যবহারের উপযোগী করে তোলা হয়।
দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় চারটি অস্ত্রোপচারকক্ষে স্থাপিত যন্ত্রগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ২০১৩ সালের আগে এই কক্ষগুলো গাইনি ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হতো।
সার্জারি বিভাগের একাধিক চিকিৎসক প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তিন বছর ধরে অস্ত্রোপচারকক্ষগুলো চালু করা হচ্ছে না। এ অবস্থায় দামি যন্ত্রপাতিগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারকক্ষ চালু না হওয়ায় রোগীদের বেশির ভাগ জরুরি অস্ত্রোপচার পিছিয়ে যাচ্ছে। আবার তালিকাভুক্ত রোগীকে অস্ত্রোপচারের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এ অবস্থায় রোগীদের কেউ কেউ অস্ত্রোপচারের জন্য বাইরের ক্লিনিকে চলে যান।
সার্জারি বিভাগের একজন চিকিৎসক বলেন, অনেক ক্ষেত্রে প্রায় একই সময় জরুরি অস্ত্রোপচারযোগ্য চার-পাঁচজন রোগী হাসপাতালে আসেন। তখন তাঁদের মধ্য থেকে এক বা দুজনকে হাসপাতালের ওটি কমপ্লেক্সে অস্ত্রোপচার করানো সম্ভব হয়। কারণ হাসপাতালের বিভিন্ন ধরনের রোগীর জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার থাকায় ওই ওটি ব্যবহার করার সুযোগ সার্জারি বিভাগ পায় না। এর ফলে অন্যদের অস্ত্রোপচারের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়। কয়েকজন চিকিৎসক দাবি করেন, সার্জারি বিভাগে অন্তত ১০০ জন রোগী অস্ত্রোপচারের অপেক্ষার প্রহর গুনছেন।
গতকাল মঙ্গলবার সার্জারি বিভাগের ১০৯ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত ৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন গৃহবধূ মাজেদা বেগম প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হয়েছিলেন। গুলিতে তাঁর পেটের নাড়িভুঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠলেও এখন আক্রান্তস্থলে সমস্যা দেখা দিয়েছে। ২২ দিন আগে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর নাড়িভুঁড়িতে অস্ত্রোপচার করতে হবে। রোগীর চাপ আছে। অস্ত্রোপচারের জন্য তাঁকে অপেক্ষা করতে হবে। মাজেদা বলেন, ২২ দিন অপেক্ষা করেও তিনি এখন পর্যন্ত অস্ত্রোপচারের দিনক্ষণ পাননি।
নোয়াখালীর সোনাইমুড়ির বাসিন্দা ইসমাইল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর শয্যায় চিকিৎসাধীন। তাঁর ছেলে মো. লিটন বলেন, তাঁর বাবার মলনালিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক মাস আগে অস্ত্রোপচার করে চিকিৎসকেরা তাঁর বাবাকে বিকল্প মলত্যাগ করার ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে সাড়ে তিন মাস আগে হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা বলেছেন, অস্ত্রোপচার করে এখন তাঁর বাবাকে মল ত্যাগ করার নতুন লাইন করে দেবেন। এর জন্য তাঁকে অপেক্ষা করতে হবে। কিন্তু অস্ত্রোপচারের দিনক্ষণ ঠিক হচ্ছে না। কবে অস্ত্রোপচার হবে, তা-ও তাঁরা জানেন না।
শুধু মাজেদা ও ইসমাইল নন, সার্জারি বিভাগের অন্তত ১০ রোগীর সঙ্গে কথা বলে অস্ত্রোপচারের জন্য তাঁদের দিনের পর দিন অপেক্ষা ও অস্ত্রোপচারের দিন পিছিয়ে যাওয়ার কথা জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, যন্ত্রপাতির অভাবে ওটিগুলো চালু হচ্ছে না। যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া চলছে। এগুলো কেনার পর শিগগিরই সার্জারি বিভাগের ওটি চালু করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে ওটিতে গ্যাস সরবরাহের পাইপ বসানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক অধ্যাপক প্রথম আলোকে বলেন, পাইপ বসানো হচ্ছে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ তিন বছর পার করে দিয়েছে। এখন আবার যন্ত্রপাতি কেনার কথা বলে ওটি চালুর বিষয়টি ঝুলিয়ে রাখা হচ্ছে।