হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সেবা পাচ্ছেন না দুই উপজেলার বাসিন্দারা। প্রয়োজনীয় জনবল ও আর্থিক অনুমোদন না থাকায় তিন বছরেও চালু হচ্ছে না ৫০ শয্যার সেবা কার্যক্রম। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সরকার এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় ধরে তিন তলা একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। ১৮ মাসে নির্মাণকাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। কাজ শেষ হয় ২০০৯ সালের ১০ জুন। কাজ শেষের এক দিন আগে দেওয়া হয় ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন। ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন ভবন হস্তান্তর করে। অপর দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তিন কোটি ৮১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা ব্যয় ধরে ২০০৬ সালের ২৪ এপ্রিল নতুন ভবনের কাজ শুরু করা হয়। কাজ সম্পন্ন হয় ২০০৯ সালে। এই বছরের ২১ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে নতুন ভবন হস্তান্তর করে। এর আগে ২০০৮ সালের ২৭ জানুয়ারি দেওয়া হয় ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন। সরেজমিনে গত ১২ জুলাই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৪ জুলাই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীদের প্রচণ্ড ভিড়। চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কালাপুর গ্রামের রাবেয়া আক্তার (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে। শয্যা না পেয়ে মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে তাঁকে। তাঁর মা মমতা বেগম বলেন, ‘সিট পাইমু কিলা। একটা সিটে তিনজন কইরা বইসা আছে।’ চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অফিস সহকারী প্রথম আলোকে বলেন, ‘শুধু উদ্বোধন না হওয়ায় এটি চালু করা হচ্ছে না। আমাদের মন্ত্রী (সমাজকল্যাণমন্ত্রী) যদি নতুন ভবনের তালা খুলে দেন তাহলেই এটি চালু হয়ে যায়।’ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত বছর স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে নতুন ভবনটি উদ্বোধনের একটি তারিখও হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে তা বাতিল করা হয়। এখন শুনতেছি আমাদের মন্ত্রী এটি উদ্বোধন করবেন।’মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত বলেন, শুধু উদ্বোধনী জটিলতার জন্য মাধবপুরে ৫০ শয্যার হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম এখনো চালু হচ্ছে না। এটি খুবই দুঃখজনক। চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর প্রথম আলোকে বলেন, ‘৫০ শয্যা চালুর জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দেব। আশা করি, শিগগিরই এটি চালু হবে।’ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিশিত নন্দী মজুমদার প্রথম আলোকে বলেন, ‘৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন আসছে। জনবল ও আর্থিক অনুমোদন না থাকায় ৫০ শয্যা চালু হচ্ছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’মাধবপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিষ দেব নাথ প্রথম আলোকে বলেন, ‘আর্থিক অনুমোদন ও জনবল না থাকায় ৫০ শয্যার সেবা দেওয়া হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানেন। ডিসেম্বর মাসের মধ্যেই এটি চালু করার চেষ্টা করছি।’