তিন বছরেও চালু হয়নি বন্দরের যাত্রী টার্মিনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল নির্মাণের তিন বছরেও চালু করা হয়নি। নকশায় না থাকলেও ভবনটির কয়েকটি কক্ষ ব্যবহার হচ্ছে বন্দর পরিচালকের দপ্তর হিসেবে। ওদিকে রাস্তার ওপর দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেনাপোল স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মাণ করা হয়েছে এ আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল। ১০ তলা ভিত্তির ওপর ৩ তলা পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৬৭৫ বর্গফুটের এ ভবন নির্মাণে ব্যয় হয় ৭ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৮৮২ টাকা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক ট্রেডিং করপোরেশন নির্ধারিত সময়ে কাজ শেষ করে ২০১৩ সালের নভেম্বর মাসে ভবনটি হস্তান্তর করে। সেই থেকে ভবনটি পড়ে আছে। ভোগান্তি সহ্য করতে হচ্ছে বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে প্রতিদিন গড়ে যাতায়াতকারী চার হাজার মানুষকে।
তিন বছরেও কেন টার্মিনালটি চালু করা গেল না, এমন প্রশ্নের জবাবে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (উপসচিব) নিতাই চন্দ্র সেন প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও ইমিগ্রেশন কার্যালয়ের ভবন পাশাপাশি অবস্থিত। দুটি ভবনের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে দুই পক্ষের একমত হতে তিন বছর সময় লেগে গেছে। সম্প্রতি এ বিষয়ে তারা একমত হয়েছে। এ কাজ শেষ হলে যাত্রীরা টার্মিনালের ভেতর দিয়ে ইমিগ্রেশনে যেতে পারবেন।
গত ১৯ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, ওই টার্মিনালের সামনে খোলা জায়গায় দাঁড়িয়ে ভারতগামী যাত্রীরা অপেক্ষা করছেন। প্রচণ্ড রোদ-গরমে তাঁদের হাঁসফাঁস অবস্থা। চার সদস্যের একটি পরিবার তল্পিতল্পা নিয়ে অপেক্ষা করছিল। নারী সদস্যটি দাঁড়িয়েই তাঁর শিশুকে খাওয়াচ্ছিলেন।
প্রচণ্ড দুর্ভোগের কথা জানিয়ে ওই পরিবারের একজন সদস্য বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি। ভারতে যাব। পাসপোর্ট ও কাগজপত্র যাচাই-বাছাই করতে কাস্টমস ও ইমিগ্রেশনের লোকজন অনেক সময় নিচ্ছে। আমাদের কোথাও দাঁড়ানোর মতো জায়গা নেই। অথচ তিন বছর ধরে দেখছি, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালটি পড়ে আছে। এটি চালু হলে যাত্রীদের দুর্ভোগ কমত।’
এদিকে ভবনের নকশায় রয়েছে, নিচতলায় একই সময়ে পাঁচটি বড় বাস দাঁড়ানোর মতো খালি জায়গা, খোলা বারান্দা, কাচ দিয়ে ঘেরা যাত্রীদের বিশ্রামকক্ষ, পর্যাপ্ত শৌচাগার, ব্যাংকের বুথ ও টোল আদায় কক্ষ, দ্বিতীয় তলায় যাত্রীদের জন্য ৩ হাজার ৮৪০ বর্গফুটের রেস্তোরাঁ, শৌচাগারসহ বিশ্রামকক্ষ, হাত-মুখ ধোয়ার কক্ষ (ওয়াশ রুম) এবং তৃতীয় তলায় টার্মিনাল তদারকি কার্যালয়, বিশেষ অতিথিদের (ভিআইপি) জন্য পাঁচটি বিশ্রামকক্ষ, শৌচাগার ও খোলা প্রাঙ্গণ থাকবে।
ভবনে ঢুকে দেখে গেল, নিচতলা ও দোতলা ফাঁকা পড়ে আছে। ভেতরে এত ময়লা জমেছে যে দেখে মনে হয়, এটি পরিত্যক্ত কোনো স্থাপনা। তৃতীয় তলায় ভিআইপিদের জন্য নির্মিত পাঁচটি কক্ষে বসেন বন্দর পরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা। যাত্রীদের বিশ্রামের বিশাল কক্ষে বসেন কর্মচারীরা। তার একপাশে বানানো হয়েছে নামাজের স্থান। টার্মিনালের নকশায় এর কোনোটিই নেই।
এ ব্যাপারে বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন বলেন, টার্মিনাল ভবনের নকশায় না থাকলেও, বন্দর পরিচালকের দপ্তর আপাতত টার্মিনাল ভবনেই থাকবে। কারণ, বন্দর পরিচালকের ভবনে এখন রাজস্ব বিভাগের কাজ চলে।