তিন বছরেও তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তাঁর ছেলে তমোহর ইসলাম হত্যাকাণ্ডের প্রায় সাড়ে তিন বছরেও তদন্তে বড় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।২০০৮ সালের ৩ ডিসেম্বর রহস্যজনক অগ্নিকাণ্ডে রাজধানীতে নিজের ফ্ল্যাটে মারা যান তমোহর ইসলাম। এ ঘটনায় তাঁর বাবা নুরুল ইসলামও গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে প্রাণত্যাগ করেন।নিহত গণতন্ত্রী পার্টির নেতার মেয়ে মৌটুসী ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশ এ দিনসহ ১৭ বার ফ্ল্যাটটি পরিদর্শন করেছে। এ পর্যন্ত চারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ নিয়ে পরিবারের সন্দেহ ও অভিযোগ, এমনকি বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনও আমলে নিচ্ছে না সিআইডি।পারিবারিক সূত্র জানায়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন, বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণাগার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের তদন্ত প্রতিবেদন তাঁদের হাতে এসেছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, নুরুল ইসলামের বাসায় কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসসংক্রান্ত কোনো দুর্ঘটনা ঘটেনি।তবে বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শাহনুর বারী প্রথম আলোকে বলেন, নিরপেক্ষ তদন্ত চলছে। এ পর্যন্ত নুরুল ইসলামের নির্বাচনী আসনের শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।