তিন বছরেও মুক্তিযোদ্ধা ও শ্রমিকনেতা নূরুল ইসলাম এবং তাঁর ছেলে ইসলাম তমোহরের হত্যার তদন্তের কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে নাগরিক কমিটি আয়োজিত এক স্মরণসভায় তাঁরা এই ক্ষোভের কথা জানান। একই সঙ্গে তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের দাবি জানান।অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তারা অভিযোগ করেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে নয়, পরিকল্পিতভাবে নূরুল ইসলাম ও তমোহরকে হত্যা করা হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তরিকতা প্রশ্নাতীত। তার পরও তিন বছর পার হয়ে গেছে। তদন্তের সুরাহা হয়নি। আমরা এখনো একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারিনি।’আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘নূরুল ইসলামের একসময়ের রাজনৈতিক সহকর্মী হিসেবে আমি এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাই।’ প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘নূরুল ইসলাম ও তমোহরের মৃত্যুর ঘটনাকে চাঞ্চল্যকর বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনিটরিং সেল তা পর্যবেক্ষণ করছে। আমি আশ্বস্ত করতে পারি, এ ব্যাপারে আমি সাধ্যমতো তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হতে পারছি, তবে আস্থা রাখতে পারছি না। কারণ এ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা খারাপ।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন পঙ্কজ ভট্টাচার্য, আওয়ামী লীগের নেতা নূহ-উল-আলম লেনিন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, অধ্যাপক অজয় রায়, কবি মহাদেব সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতারা। উপস্থিত ছিলেন প্রয়াত নূরুল ইসলামের স্ত্রী কবি রুবী রহমান এবং তাঁর মেয়ে মৌটুসী ইসলাম। স্মরণসভায় নূরুল ইসলাম ও তমোহর হত্যার ঘটনার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।মৌন প্রতিবাদ: এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে নূরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহর হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার দাবিতে ‘মৌন প্রতিবাদ’ কর্মসূচি পালন করে নাগরিক কমিটি। এই প্রতিবাদ আয়োজনে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বিজয়ের মাস এলে মানুষ আনন্দ করে। কিন্তু তিন বছর ধরে আনন্দবোধ করতে পারছি না। কারণ যারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন, যাদের আত্মদানের বিনিময়ে আমরা এ দেশের আলো বাতাস পাচ্ছি, তাদের অন্যতম একজনকে হত্যা করা হয়েছে।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ হত্যার বিচার দাবি করেন। নূরুল ইসলামের সহধর্মিণী রুবী রহমান বলেন, ‘আমার বুকে দুটি পোস্টার। একটি আমার ছেলের, আরেকটি আমার স্বামীর। তারা দুজনই একসময় এই বিশ্ববিদ্যালয়ে প্রাণচঞ্চল ছিলেন। আজ তারা ছবি হয়ে গেছেন।’ তিনি এই হত্যার বিচারের দাবিতে সোচ্চার হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।আরও বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম। ২০০৮ সালের ৩ ডিসেম্বর ভোররাতে ঢাকার লালমাটিয়ায় নিজ বাসায় এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী নূরুল ইসলাম ও তাঁর ছেলে তমোহর।