খুলনা নগর ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সম্পাদক এস এম কামাল হোসেনের মধ্যে বিরোধের কারণে প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। ফলে অছাত্র দিয়েই চলছে নগর ছাত্রদল।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক নেতা-কর্মী জানান, খুলনা নগর ছাত্রদলের সভাপতি ও সম্পাদক নিজ নিজ পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করতে চাওয়ায় বিরোধ লেগেছে। এ কারণে তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। এদিকে সাত সদস্যের বর্তমান কমিটির চারজনই এখন অছাত্র। অন্য তিনজনের কেউ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র নন। কেবল বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে কোনোমতে নিজের নামের সঙ্গে ছাত্র শব্দটি টিকিয়ে রেখেছেন। এঁদের মধ্যে ছয়জনই বিবাহিত। দুজন সন্তানের বাবাও হয়েছেন। একমাত্র অবিবাহিত সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন। আর সিনিয়র সহসভাপতি আবদুল্লাহেল কাফি মাদক মামলায় বর্তমানে কারাগারে আছেন।
আরিফুজ্জামান আরিফ বলেন, ‘এখন সবাই একসঙ্গে কাজ করছি।’ ছাত্রত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু আমাদের না, সারা দেশে একই অবস্থা।’
এস এম কামাল হোসেন বলেন, ‘কমিটি গঠন প্রক্রিয়ার জন্য এ অবস্থা সৃষ্টি হয়েছে। সভাপতি একা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছিলেন। তিনি ঢাকায় নিয়ে অনুমোদনের চেষ্টা করেছিলেন। কিন্তু আমি অভিযোগ করায় সে কমিটি বন্ধ হয়ে যায়। তবে নেত্রী আসার কারণে আমরা সকলে একসঙ্গে কাজ করছি।’
খুলনা-২ আসনের সাংসদ ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ছাত্রদলের দুর্বলতার কথা স্বীকার করে বলেন, ‘ছাত্রদলকে সংগঠিত করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের কোন্দলের কারণে তা সম্ভব হয়নি। এটি কেন্দ্রও নিরসন করে না।’
দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ৭ ডিসেম্বর আরিফুজ্জামানকে সভাপতি এবং এস এম কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে খুলনা নগর ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে কমিটিতে আরও দুজনকে অন্তর্ভুক্ত করা হয়। সাত সদস্যের এ কমিটির পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি আজও হয়নি।