তিন বছরেও প্রশাসনিক পূর্ণাঙ্গতা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পার হলেও বরগুনার তালতলী উপজেলার প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গতা পায়নি। উপজেলা পরিষদের আওতায় ১৮টি দপ্তরের ১২টির কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে আমতলী উপজেলাকে বিভক্ত করে পচাকোড়ালিয়া, ছোটবগী, শারিকখালী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়ন নিয়ে তালতলী উপজেলার কার্যক্রম শুরু হয়। উপজেলা পর্যায়ে ১৮টি দপ্তরের অনুকূলে প্রাথমিকভাবে মাত্র ছয়জন কর্মকর্তা নিয়োগ করা হয়। এরপর তিন বছর পার হলেও বাকি ১২ দপ্তরে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, পল্লী উন্নয়ন, মাধ্যমিক শিক্ষা, যুব উন্নয়নসহ ওই ১২ দপ্তরের কার্যক্রম চলছে অন্য উপজেলার কর্মকর্তাদের দিয়ে।

আমতলী ও বরগুনা সদরের কর্মকর্তারা এই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে এই কর্মকর্তারা মাসে একবারও তালতলীতে যান না বলে অভিযোগ রয়েছে। আবার কয়েকটি দপ্তরের কার্যক্রম চলছে আমতলী থেকে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন তালতলী উপজেলার বাসিন্দারা।

নাম প্রকাশ না করার শর্তে তালতলীর একজন সরকারি কর্মকর্তা জানান, তিন বছর আগে উপজেলার কার্যক্রম শুরু হলেও উপজেলা প্রশাসনের জন্য কোনো অবকাঠামো নির্মাণ করা হয়নি। এ ছাড়া অধিকাংশ কার্যক্রম আমতলী ও বরগুনা সদর থেকে পরিচালিত হওয়ায় প্রশাসনিক কাজেও কোনো সমন্বয় নেই। তালতলী বাজারের ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ভূমিসংক্রান্ত কাজের জন্য আমাদের আমতলীতে যেতে হয়।’

তালতলী বাজারের আরেকজন ব্যবসায়ী শামীম পাটোয়ারী জানান, উপজেলা পরিষদের অর্থসংক্রান্ত লেনদেন বেশির ভাগই সোনালী ব্যাংকে হয়ে থাকে। কিন্তু তালতলীতে সোনালী ব্যাংকের শাখা না থাকায় আমতলী গিয়ে লেনদেন করতে হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কর্মকর্তা না থাকায় উপজেলা পরিষদের কার্যক্রম খুবই ব্যাহত হচ্ছে।

ইউএনও কাজী তোফায়েল হোসেন বলেন, ‘প্রয়োজনীয় জনবল চেয়ে বেশ কয়েকবার সংস্থাপন বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে চিঠি দিয়েছি। আশা করি, অচিরেই এসব সমস্যার সমাধান হবে।’