তিন বছরেও বাবুর্চি নিয়োগ হয়নি, রান্না করছে শিশুরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বেশির ভাগ শিশু পরিবারে এখন পর্যন্ত শিশুরাই রান্নার কাজ করছে। প্রায় তিন বছর আগে এ ধরনের প্রতিষ্ঠানের জন্য বাবুর্চির পদ সৃষ্টি করা হয়েছিল। সমাজকল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও ওই পদে নিয়োগের সুপারিশ করেছিল।সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৮৫টি শিশু পরিবারের দৃশ্য এটি। এসব শিশু পরিবারের মধ্যে শুধু মেয়েদের জন্য আছে ৪২টি, অন্যগুলোর মধ্যে শুধু একটিতে ছেলে ও মেয়েরা একসঙ্গে থাকছে। বাকিগুলো শুধু ছেলেদের জন্য।সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল শিশু পরিবারে গিয়ে দেখা যায়, কয়েকজন মেয়েশিশু রাতে রান্নার কাজে ব্যস্ত। বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে ওরা ঘেমে অস্থির। তাদের রান্না শেষ হলে অন্য শিশুরা তা খাবে। এ পরিবারের একটি শিশু জানায়, একেক তলায় পালা করে চারজন শিশু তিন বেলা রান্না করে। প্রতি বেলায় খায় ৫০ জন শিশু। তাদের সবচেয়ে সমস্যা হয় সকালের নাশতা বানাতে। নাশতা তৈরির জন্য ভোর পাঁচটায় আগে ঘুম থেকে উঠতে হয়। ভোরে না উঠলে তারা স্কুলে যেতে পারে না। এ ছাড়া পরীক্ষার সময়ও রান্না করতে হয়। রান্না করতে গিয়ে ঠিকমতো পড়াটাও শেষ করতে পারে না। এ শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে হাবিবা আকতার প্রথম আলোকে বলেন, একটু বড় শিশুদের দিয়েই রান্নার কাজ করানো হয়। তবে বড় হলেও সেই শিশুদের পক্ষে এতজনের রান্না করানোটা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। এসব পরিবারে ছয় বছর থেকে এতিম শিশুদের ভর্তি করা হয়। তারা ১৮ বছর বয়স পর্যন্ত এখানে থাকার সুযোগ পায়। প্রায় তিন বছর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান একটি শিশু পরিবার পরিদর্শনে গিয়ে শিশুদের দিয়ে রান্না করানোর কাজকে অমানবিক বলে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে খবর প্রকাশ হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে। পরবর্তী সময়ে এ ধরনের প্রতিষ্ঠানের জন্য বাবুর্চির পদ সৃষ্টি করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে দুজন বাবুর্চি নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হলেও নিয়োগপ্রক্রিয়া স্থগিত হয়ে আছে।তবে সরকারের নির্দেশনা অনুযায়ী কিছু কিছু শিশু পরিবারে আউটসোর্সিংয়ের মাধ্যমে একজন রান্নার লোক রাখা হয়েছে। অনেক প্রতিষ্ঠান আবার তা-ও করেনি। আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক রাখলেও সহায়তাকারী হিসেবে শিশুদেরই কাজ করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) ১৭৫ জন শিশু থাকে। ৪০ জন শিশু নিয়ে একেকটি পরিবার। একেক বেলায় কয়েকজন শিশু প্রায় ৪০ জনের জন্য রান্না করে। এ পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন প্রথম আলোকে বলেন, শিশু পরিবারে বাবুর্চি নিয়োগ দেওয়ার জন্য দাবি তোলা হচ্ছে দীর্ঘদিন ধরে। রান্না করার ফলে তারা কাজটি শিখছে বটে, কিন্তু যে শিশুরা রান্নার দায়িত্বে থাকে তাদের প্রায়ই স্কুল বাদ দিতে হয়।খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারে ৫০ জন ছেলে ও ৫০ জন মেয়েশিশু থাকে। এ পরিবারের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-তত্ত্বাবধায়ক অমল বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের এমএলএসএস রান্নার কাজ করেন। তবে তাঁকে সহায়তা করে শিশুরা।সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার প্রথম আলোকে বলেন, শিশুদের পক্ষে এতজনের রান্না করা অমানবিক ও ঝুঁকিপূর্ণ। এসব বিবেচনায় এ পদে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।