তিন বছরেও মেরামত করা হয়নি ভাঙনের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত শহড়াবাড়ি ১ নম্বর স্পার তিন বছরেও মেরামত করা হয়নি। শিগগিরই মেরামত করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙনের কবলে পড়ে স্পারটি সম্পূর্ণ বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়বে বন্যানিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ীর পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০২ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার দৈর্ঘ্যের শহড়াবাড়ী স্পার নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকেই প্রতিবছর দফায় দফায় ভাঙনে ৫০০ মিটার স্পার নদীগর্ভে বিলীন হয়েছে। সর্বশেষ ২০১০ সালের ৪ জুলাই ৮০ মিটার বেলমাউথ ভেঙে স্পার দ্বিখণ্ডিত হয়। ওই সময় থেকে স্পারের সম্পূর্ণ অংশ অরক্ষিত অবস্থায় রয়েছে। তিন বছরেও এটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি পাউবো কর্তৃপক্ষ।ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, শুষ্ক মৌসুমে স্পার মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া না হলে, বর্ষার সময় এলাকায় নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করবে। পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, যমুনা নদীর স্পারের ভাঙন মেরামতের জন্য অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে তিনি আবেদন করেছেন। অর্থ না পাওয়ায় এত দিন কাজ করা সম্ভব হয়নি। অর্থ পেলে জরুরিভাবে মেরামতের ব্যবস্থা করা হবে।