তিন বছরেও মেলেনি গ্যাস পানি ও বিদ্যুৎসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের তিন বছর পরও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি আবাসিক ভবনে গ্যাস, পানি ও বিদ্যুৎসংযোগ দেওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এস এম আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, গ্যাস, পানি ও বিদ্যুৎসংযোগ চেয়ে বারবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।
চিকিৎসকদের জন্য নির্মাণ করা ভবনের একটি ইউনিটে ওঠার কথা ছিল সহকারী সার্জন মোহাম্মদ নুরের। তিনি বলেন, নতুন ভবনে থাকার জন্য তিনি আবেদন করেছেন। অনুমতিও পেয়েছেন। কিন্তু গ্যাস-পানি-বিদ্যুতের সুবিধা না থাকায় সেখানে থাকতে পারছেন না। এ কারণে তাঁকে বাস কিংবা ট্রেনে চেপে শহর থেকে হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে।
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জহির রায়হান বলেন, মূলত প্রক্রিয়াগত কিছু জটিলতা থাকায় এসব সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আগামী জানুয়ারিতে এ ব্যাপারে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চিকিৎসক ও কর্মকর্তাদের জন্য দুটি এবং কর্মচারীদের জন্য একটি ভবন নির্মাণ করা হয়। চিকিৎসক ও কর্মকর্তাদের ভবন দুটিতে চারটি করে ইউনিট আছে। কর্মচারীদের ভবনে ইউনিট ছয়টি। ভবনের গ্যাস, পানি ও বিদ্যুৎসংযোগ দেওয়ার কথা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। ভবন তিনটি ২০১১ সালে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সূত্র জানায়, ভবন তিনটির কাজ শুরু হয় ২০০৬ সালে। শেষ হয় ২০১১ সালে। হাসপাতাল ভবনসহ চারটি ভবন নির্মাণে খরচ হয়েছে তিন কোটি ৭১ লাখ ১৬ হাজার ৩১২ দশমিক ৭৬ টাকা।
সরেজমিনে দেখা যায়, ভবন তিনটির কক্ষগুলোতে মাকড়সা জাল বুনে রেখেছে। ভবনের ছাদ থেকে রং খসে পড়ছে। চিকিৎসকদের ভবনের একটি ইউনিটে থাকেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তিনি থাকার জন্য ব্যক্তিগত উদ্যোগে বিদ্যুতের ব্যবস্থা করেছেন।
আবদুল মোমেন বলেন, অনেক সময় চিকিৎসকদের কর্মস্থলে পৌঁছাতে দেরি হয়। এতে চিকিৎসাকাজে কিছুটা সমস্যা দেখা দেয়। তিনি দ্রুত বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ দেওয়ার দাবি জানান।