তিন বছরেও শনাক্ত হয়নি হামলাকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে হামলা, একই পরিবারের নয়জনকে পুড়িয়ে হত্যা, লুটপাট এবং পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল তিন বছর আগে, ২০১৪ সালের ১৪ জুন। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলা নেয়নি পুলিশ। বরং যে ছয়টি মামলা হয়েছিল, সেগুলোতে আসামি করা হয়েছিল ক্যাম্পেরই ৩ হাজার ৭১৪ জন বাসিন্দাকে। তবে এসব মামলার তদন্ত শেষ হয়নি।
তদন্ত সংস্থা বলছে, হামলাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। তবে ক্যাম্পবাসীর অভিযোগ, ঘটনার সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা ও তাঁর সমর্থক এবং পুলিশ জড়িত। তাই প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের আগ্রহ নেই। অন্যদিকে আশ্বাস দেওয়ার পরও ক্যাম্পবাসীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় তারা আতঙ্কে আছে।
ওই ছয় মামলার চারটির বাদী পুলিশ। বাকি দুই মামলার বাদী দুই ব্যক্তি। ক্যাম্পবাসী বলছে, ওই দুই ব্যক্তি পুলিশের ‘পছন্দের’ লোক।
কালশী-সংলগ্ন ওই ক্যাম্পে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনার তিন বছর আজ বুধবার। ১০ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে ক্যাম্পবাসী।
উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান গত শনিবার প্রথম আলোকে বলেন, ১০ হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে গত বছর হাইকোর্টে রিট করা হয়েছিল। আদালত হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। তবে এ বিষয়ে আর শুনানি হয়নি।
ক্যাম্পবাসীর অভিযোগ, ২০১৪ সালের ১৩ জুন পবিত্র শবে বরাতের গভীর রাত থেকে ক্যাম্পের বাসিন্দা আটকে পড়া পাকিস্তানিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পাশের বাউনিয়া বাঁধের বাসিন্দা পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সমর্থকেরা পুলিশের সঙ্গে যোগ দেয়। পরদিন সকালে জুয়েল রানা ও তাঁর সমর্থকেরা ক্যাম্পের আটটি ঘরে বাইরে থেকে অগ্নিসংযোগ করলে একটি ঘরের বাসিন্দা মো. ইয়াছিনের পরিবারের নারী-শিশুসহ নয়জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। ইয়াছিনের এক মেয়ে ফারজানা আক্তার দগ্ধ হয়। সকালে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা কারচুপিশ্রমিক মো. আজাদ। ইয়াছিন ঘরের বাইরে ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে জুয়েল রানা প্রথম আলোকে বলেন, হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
২০১৫ সালের ৬ সেপ্টেম্বর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে মারা যান ইয়াছিন। ওই ঘটনায় করা মামলা বিচারাধীন রয়েছে।
আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন স্ট্রান্ড্রেড পাকিস্তানিজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সাধারণ সম্পাদক শওকত হোসেন বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশের কোনো আগ্রহই নেই। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে তিন বছরেও তাঁরা বিচার পাননি। ক্যাম্পবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করার আশ্বাস দিয়েছিলেন স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ ও তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ। গত বছর ঈদুল ফিতরের পর তাঁরা কয়েকজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।
শওকত হোসেন বলেন, হামলাকারীরা এলাকায় স্বাভাবিক চলাফেরা করছেন; অথচ পুলিশ কাউকে আটক করে জিজ্ঞাসাবাদও করল না। মিথ্যা মামলার খড়্গ নিয়ে আতঙ্কে দিন কাটে তাঁদের। তিনি বলেন, হামলা ও পুড়িয়ে নয়জনকে হত্যার ঘটনায় তাঁরা মামলা করতে চাইলেও পল্লবী থানা মামলা নেয়নি। পরে তাঁরা ইয়াছিনকে বাদী করে আদালতে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু মামলা করতে আদালতে যাওয়ার দুই দিন আগে ইয়াছিনকে বাসচাপায় মেরে ফেলা হলো। এ জন্য আর কেউ আদালতে মামলা করতে ভয় পাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পের পূর্বদিকে টিনের যে ঘরে পুড়ে ইয়াছিনের স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্রবধূ, নাতিসহ নয়জন মারা গেছে, সেখানে এখন একটি টিনশেডে মাদ্রাসা চলছে। এর পশ্চিমে এসপিজিআরসির দপ্তরের দেয়ালে ১০ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে একটি পোস্টার সাঁটানো।
মামলাগুলোর তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, সেদিন বিহারি ক্যাম্পে বাইরের লোকেরাই হামলা করেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তদন্তে যারাই শনাক্ত হবে, তাদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত করতে দেরি হচ্ছে। তিনি বলেন, ক্যাম্পবাসীর বিরুদ্ধে মামলা করা হলেও তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

ফারজানা বিচার চায়
দগ্ধ হলেও সেদিন প্রাণে বেঁচে যাওয়া ইয়াছিনের পরিবারের একমাত্র সদস্য কিশোরী ফারজানা তার মা, ভাই-বোন, ভাবিসহ নয়জনের হত্যার বিচার চায়। দীর্ঘদিন চিকিৎসায় তার শরীরের পোড়া ঘা প্রায় শুকিয়ে গেছে। মোহাম্মদপুরের মার্কেট ক্যাম্পে খালু আসলাম মিয়ার পরিবারে তার ঠাঁই হয়েছে। সে স্থানীয় প্রেসিডেনশিয়াল উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
ফারজানা বলেছে, ঘুমের মধ্যে সেই দুঃসহ স্মৃতি ভেসে ওঠে। ঘুম ভাঙলে ছুটে যায় কালশী কবরস্থানে, যেখানে পরিবারের ১০ জনকে দাফন করা হয়েছে। সে বলে, ‘পরিবারের কাউকে আর ফিরে পাব না। তাদের হত্যাকারীদের বিচার হলে কিছুটা স্বস্তি পেতাম।’