৫০ শয্যায় উন্নীত করতে নতুন ভবন উদ্বোধন করা হয়েছে তিন বছর আগে। বিভিন্ন সরঞ্জামও আনা হয়েছে। কিন্তু জনবলের অভাবে আজও ৫০ শয্যার কার্যক্রম শুরু করা যায়নি। এ কারণে রোগীরা এখানে এসে যথাযথ চিকিৎসা পাচ্ছে না।
এ অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। কর্তৃপক্ষ বলছে, ৫০ শয্যা নয়, ৩১ শয্যার কার্যক্রম চালানোর মতো যথেষ্ট লোকবলও এ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।
লোকবলসংকটের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হাছিনা আক্তার বলেন, লোকবলসংকট দূর করে এ হাসপাতালে ৫০ শয্যার কার্যক্রম শুরুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ৮ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়েছে। সেটি ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। নতুন ভবনে একটি আধুনিক অস্ত্রোপচার কক্ষসহ প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও তার কোনো ব্যবহার নেই।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৩১ শয্যার জনবলকাঠামো অনুযায়ী যে জনবল দরকার, এখানে তা-ও নেই। গাইনি, সার্জারি, মেডিসিন ও অ্যানেসথেসিয়া বিভাগে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা। কিন্তু শুধু গাইনি বিশেষজ্ঞ আছেন। কিন্তু তিনি নিয়মিত আসেন না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বাকি পাঁচজন চিকিৎসক নিয়মিত আসেন। আর ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী এখানে নয়জন বিশেষজ্ঞসহ ২১ জন চিকিৎসক নিয়োগ করার কথা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবা খানম নামের ওই গাইনি বিশেষজ্ঞ ঢাকায় বসবাস করেন এবং সপ্তাহে কেবল রোববার ও বুধবার কর্মস্থলে আসেন বলে অভিযোগ রয়েছে। তবে মাহবুবা খানম বলেন, তিনি ঢাকা ও কসবা উভয় স্থানে বাস করেন। আর অবেদনবিদ না থাকায় এ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় না।
কসবা পুরোনো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা বলেন, প্রত্যন্ত এলাকার প্রসূতি নারীদের জেলা সদর হাসপাতালে নিতে অনেক সময় লেগে যায়। এতে পথে অনেকের মৃত্যুও হয়।
এদিকে হাসপাতালের একটি এক্স-রে মেশিন ১১ বছর ধরে বিকল রয়েছে। সম্প্রতি নতুন একটি এক্স-রে মেশিন দেওয়া হয়েছে। কিন্তু টেকনিশিয়ানের অভাবে সেটিও পড়ে আছে। পাশের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বিকল থাকায় সেখানকার টেকনিশিয়ান শাহ আলমকে চলতি মাসের শুরুতে প্রেষণে কসবায় দেওয়া হয়েছে। কিন্তু তিনি আজও এখানে যোগদান করেননি।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, লোকবল না থাকায় এ হাসপাতালে ৫০ শয্যার কার্যক্রম চালু করা যায়নি।