তিন বছরেও শেষ হয়নি ভবনের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইউনাইটেড উচ্চবিদ্যালয়ে ‘একাডেমিক ভবন কাম বন্যা আশ্রয়কেন্দ্রের’ নির্মাণকাজ প্রায় তিন বছর আগে শুরু হয়। বছরমেয়াদি ওই প্রকল্পের কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ অবস্থায় ওই বিদ্যালয়ে কক্ষ-সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকেরাও বসার জায়গা পাচ্ছেন না। বর্ষা মৌসুমে তাঁদের কষ্ট আরও বেড়ে যায়। 

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে গেছে, ২০১৩ সালের ৩ ডিসেম্বর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় ইউনাইটেড উচ্চবিদ্যালয়ে দোতলা একাডেমিক ভবন কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। এ কাজের ব্যয় ধরা হয় প্রায় ৯৪ লাখ টাকা। মৌলভীবাজারের ‘মেসার্স তোফায়েল আহমদ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কাজ শুরুর জন্য ২০১৪ সালের ১৬ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশে ২০১৫ সালের ১৭ আগস্টের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়। ওই বছরের ১৮ আগস্ট জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনটির দোতলার ছাদ ঢালাই করা হয়েছে। তবে নিচতলার মেঝে ঢালাই করা হয়নি। কক্ষের দরজা-জানালা লাগানো হয়নি। শৌচাগার নির্মাণ হয়নি। দেয়ালে পলেস্তারা লাগানো হলেও রঙের কাজ বাকি। নির্মাণাধীন ভবনের পাশে টিনশেডের জরাজীর্ণ একটি ভবনে পাঠদান কার্যক্রম চলছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, ক্লাসে তাদের গাদাগাদি করে বসতে হয়। ঝড়-বৃষ্টিতে সমস্যা আরও বেশি বাড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস বলেন, প্রতিষ্ঠানে ৪৫০ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক রয়েছেন। পুরোনো ভবনে পাঠাগারের নির্ধারিত একটি কক্ষ ছিল। কক্ষের সংকটের কারণে পাঠাগারের কার্যক্রম বন্ধ রেখে সেখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ঝড়ে বিধ্বস্ত একটি কক্ষ বিজ্ঞানাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুরু থেকেই ঠিকাদার বিরতি দিয়ে দিয়ে কাজ করছেন। ছয় মাস ধরে কাজ বন্ধ আছে। নতুন ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দাসেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমর উদ্দিন বলেন, গত এপ্রিলে অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে তাঁর এলাকার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। দুর্গত লোকজন বাড়িঘর ছেড়ে আশপাশের এলাকায় উঁচু জায়গায় আশ্রয় নেয়। ইউনাইটেড উচ্চবিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রের কাজ শেষ হলে সেখানে লোকজন সহজে আশ্রয় নিতে পারত।

এ ব্যাপারে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তোফায়েল আহমদের মুঠোফোন একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার আতাউর রহমান চৌধুরী মুঠোফোনে বলেন, বিদ্যালয়টি হাওর এলাকায় হওয়ায় মালামাল পরিবহনসহ বিভিন্ন কাজে বিলম্ব হচ্ছে। সাত-আট লাখ টাকার কাজ বাকি আছে। মাসখানেকের মধ্যে তাঁরা কাজ শেষ করে দেবেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী পারভেজ আহমদ বলেন, কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। কাজের কিছু বিল এখনো ছাড় দেওয়া হয়নি। কাজ শেষ হওয়ার পর তা দেওয়া হবে।