তিন বছরেও সংরক্ষণের অনুমোদন মেলেনি
বগুড়ার শেরপুর থানায় মুক্তিযুদ্ধের সময় হানাদারদের হাতে নিহত ব্যক্তিদের দেহাবশেষ সংরক্ষণের অনুমোদন মেলেনি প্রায় তিন বছরেও। নিহত ব্যক্তিদের হাড়গোড় ও মাথার খুলিগুলো এখন থানার মালখানায় বস্তাবন্দী অবস্থায় পড়ে আছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এগুলো সংরক্ষণের জন্য বিভাগীয়ভাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও তার অনুমোদন মেলেনি। তিনি আরও জানান, ২০১০ সালের ২১ মার্চ থানা মসজিদের সম্প্রসারণ কাজের সময় মাটি খুঁড়লে রেবিয়ে আসে ১২টি মাথার খুলিসহ হাঁড়গোড়। পরবর্তী সময় তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জেনেছেন মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীদের সহায়তায় মুক্তিযুদ্ধের সপক্ষের লোকদের থানা চত্বরে হত্যা করে মৃতদেহগুলো থানার ভেতরেই মাটিচাপা দেওয়া হয়। ২০১০ সালের ২৩ মার্চ ওই সব হাঁড়গোড় ও মাথার খুলি সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। শহরের সান্যালপাড়ার ফাজলে ইমাম বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনিসহ এলাকার অনেক যুবক শহরে পালা করে পাহারা দিতেন। ১৯৭১ সালের আগস্টে স্বাধীনতাবিরোধীরা তাঁকে ধরে থানায় থাকা হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। তাঁকে নির্যাতন করে কয়েক দিন পর ছেড়ে দেওয়া হয়। সেখানে বন্দী থাকাকালীন তিনি দেখেছেন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনকে স্থানীয় স্বাধীনতাবিরোধীরা থানায় হানাদারদের কাছে তুলে দিতেন। থানার কক্ষে এসব লোকের মুখে কাপড় গুঁজে নির্যাতন চালিয়ে হত্যা করা হতো। তাঁর ভাষ্যমতে অসংখ্য মানুষকে হত্যা করে থানা চত্বরের একাধিক স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধকালীন স্থানীয় রিকশাচালক মনছের আলী (৭৫) বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি প্রায়ই রিকশা নিয়ে থানার সামনে দিয়ে যাওয়ার সময় থানার ভেতর থেকে মানুষের গোঙানির শব্দ শুনেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন থানায় মাটি খুঁড়ে পাওয়া মানুষের হাঁড়গোড় সংরক্ষণ করে থানা চত্বরে সঞ্চৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন।