তিন বছরেও সংস্কার হয়নি সেতুর ভেঙে পড়া অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার সোনাখালী বাজারের ভাঙা সেতু। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরগুনার আমতলী উপজেলার সোনাখালী বাজারের ভাঙা সেতু। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজারে খালের ওপর ঢালাই সেতুটির মাঝখানের কিছু অংশ তিন বছর আগে ভেঙে পড়ে। সেখানে কাঠের পাটাতন দিয়েছে এলাকাবাসী। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন ও যানবাহন চলাচল করছে। এতে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহার কাঠামোর ওপর ঢালাই দিয়ে ২০০৭ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু ২০১৪ সালে সেতুর মাঝ বরাবর কিছু অংশ ভেঙে পণ্যবাহী একটি ট্রলি নদীতে পড়ে যায়। ওই অংশ আজও সংস্কার করা হয়নি। এ কারণে এলাকার অন্তত ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। প্রতিদিন ভাঙা সেতুর ওপর দিয়ে সোনাখালী স্কুল অ্যান্ড কলেজ, সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাহবুব আলম মোল্লা মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে।

গত রোববার সরেজমিনে দেখা গেছে, সেতুর ওই ভাঙা অংশের কাঠের পাটাতন নড়বড়ে। তা ছাড়া সেতুর উত্তর প্রান্ত দেবে গেছে।

সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী তানজিলা বলে, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছি। কোন সময় ভেঙে পড়ে ঠিক নেই।’

 সাদ্দাম নামের এক ছাত্র বলে, ‘প্রতিদিন আমাদের এই ভাঙা সেতু দিয়ে যেতে-আসতে হয়।’

একই এলাকার বাসিন্দা মো. সোহেল রানা বলেন, সেতুটির অংশবিশেষ ভেঙে পড়ায় এলাকার কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিগগির সংস্কার করা প্রয়োজন।

আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, জনগুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ার পরই উপজেলা প্রকৌশল বিভাগকে জানানো হয়। কিন্তু তিন বছরেও মেরামত করা হয়নি। স্থানীয়ভাবে ভাঙা অংশে কাঠের পাটাতন দেওয়া হয়েছে। ওই পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে।

উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘সেতুটির বর্তমান অবস্থা খুবই খারাপ। অর্থ বরাদ্দ না থাকায় ভাঙা অংশ মেরামত করা যায়নি। আমরা ওখানে একটি গার্ডার সেতু নির্মাণের পরিকল্পনা করছি।’