তিন বছরেও সন্ধান মেলেনি
তিন বছরেও দৈনিক ইত্তেফাকের যশোরের অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক ও চলিশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের সন্ধান মেলেনি। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর সকালে ওয়াহিদুজ্জামান টুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান। ব্যাংককে পৌঁছে তিনি স্ত্রী ফারজানা জামানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আট দিন পর ৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত পরিবার বা বন্ধুবান্ধব কারও সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি।স্ত্রী ফারজানা জামান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে মন্ত্রণালয় কিছুই জানায়নি। জানি না, তিনি বেঁচে আছেন কি না।’নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা ফারুক আহমেদ বলেন, ‘সাংবাদিক ওয়াহিদুজ্জামানের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’