তিন বছরেও সূত্র উদ্ঘাটন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল আলম ওরফে চঞ্চল (২০) হত্যাকাণ্ডের তিন বছর অতিবাহিত হলেও তদন্ত শেষ হয়নি। দিদারুলের পরিবারের অভিযোগ, পুলিশের উদাসীনতায় দিদারুলের খুনের সূত্র এত বছরেও উদ্ঘাটন হয়নি।
২০১২ সালের ১৬ জুলাই রাতে দিদারুল শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে নিখোঁজ হন। তিন দিন পর ১৯ জুলাই তাঁর লাশ শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিধারা এলাকার তীর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলেই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে শহরের মাসদাইর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ২২ জুলাই মাসদাইর কবরস্থান থেকে তাঁর লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
দিদারুলের পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার পর র্যা ব সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করে। কিন্তু তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে মামলার তদন্ত কর্মকর্তা সময়ক্ষেপণ করেন। মূলত প্রথম তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়ালই মামলাটি ডিপ ফ্রিজে পাঠিয়ে দেন। র্যা ব যে দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছিল, মামলার তদন্ত কর্মকর্তা তাদের সেভাবে জিজ্ঞাসাবাদ করেননি। তাদের ঠিকমতো জিজ্ঞাসাবাদ করলেই দিদারুল হত্যার সূত্র উদ্ঘাটন হতো। এখন ডিবির যে এসআই মামলাটি তদন্ত করছেন, তিনি মামলার ৭ নম্বর তদন্ত কর্মকর্তা। এর আগে ছয়জন মামলাটি তদন্ত করেছেন। কেউই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেননি।
দিদারুলের বড় ভাই জুবায়ের ইসলাম অভিযোগ করেন, এসআই আউয়ালের কাছে মামলার ব্যাপারে খোঁজখবর নিতে গেলেই তিনি ইনিয়ে-বিনিয়ে টাকা দাবি করতেন। বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই হাশেম তাঁদের আশ্বাসের বাণী শুনিয়ে যাচ্ছেন। কিন্তু মামলার অগ্রগতি হচ্ছে না। এতে তাঁরা হতাশ।
জুবায়ের ইসলাম বলেন, দিদারুলকে হত্যার এক মাস পর তাঁরা আদালতে পাঁচজনের নামে একটি হত্যা মামলা করেন। মামলায় দিদারুলের বন্ধু রুহিত, রুহিতের বন্ধু মিম প্রধান, রাকিব, রাশেদ ও শফিকে আসামি করা হয়। র্যা ব প্রথমে মিম প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী রাকিবকে গ্রেপ্তার করে। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই আউয়াল একবার ওই দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য বের করতে পারেননি। উচ্চ আদালত থেকে মিম প্রধান ও রাকিব জামিনে রয়েছেন। এ ছাড়া নিখোঁজ হওয়ার রাতে সর্বশেষ দিদারুলের মুঠোফোনে রুহিত ফোন করেছিলেন, পুলিশ তাঁকেও গ্রেপ্তারে উদ্যোগী নয়। রুহিতও উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, পুলিশ নিহতের পরিবারের কাছ থেকে আর্থিক সুবিধা না পেয়ে মামলাটিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। পুলিশকে আর্থিক সহায়তা দিয়েছে গ্রেপ্তার হওয়া দুই আসামির পরিবার। যে কারণে রিমান্ডে নিয়েও পুলিশ তাঁদের কাছ থেকে কিছু বের করতে পারেনি।
বর্তমান তদন্ত কর্মকর্তা আবুল হাশেম বলেন, তিনি চেষ্টা করছেন হত্যার সূত্র উদ্ঘাটনে।