প্রতিষ্ঠার তিন বছরেও কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে ১৬৯টি শিক্ষক-কর্মচারীর পদ সৃষ্টি হয়নি। দেশের বিভিন্ন স্থান থেকে সংযুক্তিতে আনা ৩৭ জন শিক্ষক দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের একটি ভবনে (অস্থায়ী ক্যাম্পাসে) চলছে শিক্ষা-কার্যক্রম। এ ছাড়া শিক্ষার্থীদের আবাসন সমস্যা, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বিলম্ব এবং সংযুক্তিতে শিক্ষক নিয়োগ ও বদলি-বাণিজ্য নিয়ে অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের কোন্দলের কারণে কলেজে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে এসে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শহরের ঝিলংজা এলাকায় স্থায়ী কলেজ ক্যাম্পাস তৈরির জন্য ইতিমধ্যে প্রায় ৩৮ কোটি টাকা দিয়ে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মূল ক্যাম্পাসে ছয় তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রায় ৩০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। কলেজ সূত্র জানায়, কলেজের জন্য তিন বছর আগে ১৬৯টি পদ সৃষ্টির জন্য প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবটি সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়ে বর্তমানে সচিব কমিটির সভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে কলেজে স্থায়ীভাবে এসব পদ সৃষ্টি হবে। সূত্র জানায়, এই কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৫৭ জন। এর মধ্যে প্রথম বর্ষে ৫৪, দ্বিতীয় বর্ষে ৫৩ ও তৃতীয় বর্ষে ৫০ জন শিক্ষার্থী রয়েছেন।তৃতীয় বর্ষের ছাত্র চৌধুরী ফরহাদ কামাল জানান, কলেজে আবাসিক হোস্টেল না থাকায় তিন বছর ধরে বাসা ভাড়া নিয়ে অতি কষ্টে লেখাপড়া করতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী জানান, ভাড়া বাসায় নিরাপত্তা না থাকায় ছাত্রীদের নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন থাকেন। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ শহরের বাইরে শিক্ষার্থীদের থাকার জন্য চারটি ভবন ভাড়া নিলেও সেখানে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট চলছে। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ ও বদলি নিয়ে অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের দলাদলি, কোন্দল ও ছাত্রীদের নিয়ে নানা অপপ্রচার নতুন এই কলেজে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে কলেজের জন্য বরাদ্দ করা একটি মাইক্রোবাসে অধ্যক্ষ নিজে কয়েকজন ছাত্রীকে ওঠার সুযোগ দিয়ে বিতর্কের সৃষ্টি করেন। ওই ছাত্রীদের দিয়ে আবার শিক্ষকদের বিরুদ্ধে নানা অপপ্রচার রটানো হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরাজী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ বিএম আলী ইউসুফ শিক্ষকদের বদলি ও নিয়োগ-বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএম ইউসুফ আর্থিক লেনদেনের মাধ্যমে ২৫ জন জামায়াত ও সাতজন বিএনপি সমর্থক চিকিৎসককে এই কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। কলেজের একটি বিভাগে শিক্ষার্থী না থাকলেও তিনি তদবির করে এই বিভাগে ১২ জনের বেশি শিক্ষক নিয়োগ দিয়েছেন। বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ বিএম আলী ইউসুফ বলেন, তিনি নন, বিএমএর নেতারাই শিক্ষক নিয়োগ বা বদলি-বাণিজ্যে জড়িত। কিছু শিক্ষক কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে বসে রোগী দেখেন। এতে কড়াকড়ি আরোপ করা হলে তাঁরা আমাকে সরানোর জন্য উঠেপড়ে লাগেন। জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথাও অস্বীকার করেন তিনি।