আগামী তিন বছরের মধ্যে রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে হস্তান্তরিত প্লটগুলোতে বসবাস করা সম্ভব হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। জাতীয় সংসদে গতকাল সোমবার জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর কুড়িল ইন্টারসেকশন থেকে পূর্বাচল প্রকল্পে যাতায়াতের সংযোগ সড়ক নির্মাণের কাজ ২০১৩ সালের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পের তিনটি সেক্টরের প্লট হস্তান্তর করা হয়েছে এবং একটি সেক্টরের প্লট হস্তান্তর করা হচ্ছে। আরও চারটি সেক্টরে শিগগির প্লট হস্তান্তরের কাজ শুরু করা হবে। দ্রুততম সময়ে ঘরবাড়ি নির্মাণ করে পূর্বাচলকে বসবাসযোগ্য করতে সরকার কাজ করে যাচ্ছে।এবার বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: আতিউর রহমান আতিকের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেন বলেন, চলতি অর্থবছরে আনুপাতিক বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।প্রশ্নোত্তর পর্বে প্রতিটি নির্বাচনী এলাকায় তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় একাধিক সাংসদ ক্ষোভ জানান। তাঁদের ক্ষোভের মুখে প্রতিমন্ত্রী জানান, তিনি নিজেও এই কোটা থেকে বঞ্চিত হয়েছেন। এ অর্থবছরে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় পেলে আনুপাতিক হারে তিনটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, সারা দেশের ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বেতনভাতা দেওয়ার চিন্তা করছে সরকার। এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি বিধিমালা লঙ্ঘন করে চাকরি নেওয়ার বিষয়টি প্রমাণ হওয়ায় চাকরিচ্যুত আট শতাধিক কর্মচারীকে পুনর্বহাল করা যাবে না। তা ছাড়া হাইকোর্ট তাঁদের চাকরি অবৈধ ঘোষণা করেছেন এবং বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিচারাধীন। এ জন্য মানবিক বিবেচনায়ও তাঁদের পুনর্বহালের সুযোগ নেই। সুপ্রিম কোর্টের রায়ের পরই এ বিষয়ে করণীয় নির্ধারণ করা যাবে।তিন বছরে সাড়ে ৫৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: জুনাইদ আহমেদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, বর্তমান সরকারের শাসনামলের তিন বছরে সাড়ে ৫৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদা আখতারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪ সালের মধ্যে শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে ‘মৌলিক সাক্ষরতা ও অব্যাহত শিক্ষা প্রকল্প’ নামে একটি বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ঢাকা শহরের ১০টি জোনের প্রতিটিতে এক হাজার করে ১০ হাজার ভিক্ষুকের জরিপ সম্পন্ন করা হয়েছে।