তিন বছরের শিশু অপহরণের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে পল্লব চক্রবর্তী (৩) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার শিশুটির বাবা রায়গঞ্জ থানায় অপহরণ মামলা করেন। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রহ্মগাছা গ্রামের ব্রাহ্মণ পুরোহিত পলান চক্রবর্তীর ছেলে পল্লব। শিশুটি গত রোববার সকাল নয়টার দিকে বাড়ির পাশের একটি শ্যালো মেশিনের ঘরের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। দুপুরে শিশুটি বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও না পেয়ে ওই দিনই রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা। গত সোমবার অপহরণ মামলা করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে শ্যালো মেশিনের মালিক রবিউল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে একমাত্র শিশুসন্তান নিখোঁজ থাকায় মা দোলা রানী চক্রবর্তী পাগলপ্রায়।
গতকাল বিকেলে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, অপহৃত শিশুটিকে উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।