তিন বনদস্যুর ২৭ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় তিন বনদস্যুকে ২৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার খুলনা ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মো. শাহজাহান (২৬), একই এলাকার মো. আমীর আলী (৩২) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার মো. জব্বার গাজী (৩০)। আসামিরা সবাই সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য।

ওই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি জেসমিন পারভীন। তিনি বলেন, আদালত আসামিদের ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় প্রত্যেককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড দেন। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৭ আগস্ট রাত তিনটার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানাধীন সুন্দরবন অংশে কাটেশ্বর খালসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে দুটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশি তৈরি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, দুটি কুড়াল, দুটি রামদা, ১০০টি ইয়ারগানের গুলি, ৭টি চায়না রাইফেলের গুলিসহ ওই আসামিদের আটক করে। এ ঘটনায় পরদিন কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি অফিসার এম মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

ওই বছরের ১৯ সেপ্টেম্বর তৎকালীন কয়রা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জি এম আহসান হাবিব আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন ধরে চলা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।