চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের দ্রুত উন্নয়নে নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষের কাজে দায়মুক্তি দিয়ে আইন করার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ অনুমোদন হয়।
কমিটি মন্ত্রণালয়কে আগামী তিন মাসের মধ্যে তিনটি বন্দরের জন্য আলাদা তিনটি দায়মুক্তি আইন বিল আকারে সংসদে উত্থাপন করতে বলেছে। সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তিনটি বন্দরকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে অভিজ্ঞতা অর্জনের জন্য সংসদীয় কমিটি দুটি ভাগে ভাগ হয়ে বিশ্বের উন্নত মানের ছয়টি বন্দর সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল ২৭ অক্টোবর থেকে আগামী ৮ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস, মরিশাস ও মিসরের আলেকজান্দ্রিয়া সমুদ্রবন্দর পরিদর্শন করবে। তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে আট সদস্যের অপর দলটি ১৫ থেকে ২২ অক্টোবরের মধ্যে ইতালি, বেলজিয়াম ও জার্মানি সফর করবে। বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, দায়মুক্তি আইন ছাড়া বন্দরের উন্নয়ন করা যাবে না। বিদ্যমান আইনে কাজ করতে গেলে নানান প্রতিবন্ধকতা তৈরি হয়।
মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি বলেন, দেশের উন্নয়ন বহুলাংশে বন্দরনির্ভর। এ জন্য চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের উন্নয়ন প্রয়োজন। এসব বন্দরের যন্ত্রপাতি কেনা এবং অন্যান্য কাজ দ্রুত শেষ করার জন্য বিদ্যুৎ বিভাগের মতো তিনটি বিশেষ দায়মুক্তি বিল করা আবশ্যক।
মন্ত্রী ও সচিবের এই প্রস্তাব সমর্থন করে সংসদীয় কমিটি। জানতে চাইলে কমিটির সদস্য তালুকদার আবদুল খালেক বলেন, বিদ্যমান আইনে কাজ করতে গেলে যথাসময়ে সঠিক কাজটি করা সম্ভব হয় না। দরপত্র আহ্বানের পর কোনো এক পক্ষ কাজ পেলে অন্য পক্ষ মামলা করে দেয়। এতে পুরো কাজই বন্ধ হয়ে যায়। এসব সমস্যা এড়ানোর জন্য কমিটি দায়মুক্তি আইন করার সুপারিশ করেছে। যাতে মন্ত্রণালয় বা বন্দর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থ রক্ষা করে কাজ করতে পারে।
এর আগে সরকার বিদ্যুৎ বিভাগের জন্য দায়মুক্তি আইন করেছিল, যা নিয়ে পরবর্তী সময়ে সমালোচনা হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তালুকদার আবদুল খালেক, আবদুল হাই, নুরুল ইসলাম, হাবিবর রহমান, এম আবদুল লতিফ, রণজিৎ কুমার রায়, আনোয়ারুল আজীম ও মমতাজ বেগম উপস্থিত ছিলেন।