তিন বন্ধু হাঁটতে বেরিয়ে দুই বন্ধুই চলে গেলেন

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজার এলাকার সড়ক দিয়ে (আরাকান সড়ক) অন্য দিনের মতো আজ বুধবার সকালেও প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন কলেজশিক্ষক শফিউল আলম (৫৫)। সঙ্গে তাঁর দুই বন্ধু মাহাবুব মোর্শেদ আমিন (৫৬) ও বোরহান উদ্দিন (৫৫)। হাঁটতে হাঁটতে দেশের করোনা পরিস্থিতি ও শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে আলোচনা হচ্ছিল তিন বন্ধুর মধ্যে।
এমন সময় পেছন থেকে চাপা দেয় মাছবোঝাই একটি পিকআপ ভ্যান (মিনিট্রাক)। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহাবুব মোর্শেদ আমিন। গুরুতর অবস্থায় শফিউল আলম ও বোরহান উদ্দিনকে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে শফিউল আলমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শফিউল আলম কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং মাহবুব মোর্শেদ আমিন রামুর জোয়ারিয়ানালা বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। দুজনের বাড়ি জোরিয়ানালার সিকদারপাড়ায়। হাসপাতালে চিকিৎসাধীন বোরহান উদ্দিন জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকাল ছয়টার দিকে তিন বন্ধু সড়কে হাঁটতে নামেন। কিছুদূর হেঁটে তাঁরা জোয়ারিয়ানালা বাজারসংলগ্ন সেতুর উত্তর পাশে কালা মিয়াবাজার (আরকান সড়কে) পৌঁছালে পেছন থেকে পিকআপ ভ্যানটি তাঁদের সজোরে চাপা দেয়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ বলেন, পিকআপটি মাছবোঝাই ছিল। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে এটি শিক্ষকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুব মোর্শেদ আমিন এবং হাসপাতালে নেওয়ার পথে শফিউল আলমের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে রামু থানার উপপরিদর্শক মো. কামাল হোসেন বলেন, মাছবোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। পিকআপটি আটক করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শফিউল আলমের স্ত্রী লুৎফুন্নেছা কক্সবাজার কেজি স্কুলের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। এক মেয়ে ও দুই ছেলের জনক শফিউল আলমের জানাজা বিকেল পাঁচটায় জোয়ারিয়ানালা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পার্শ্ববর্তী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
কলেজশিক্ষক শফিউল আলমসহ দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কক্সবাজার সরকারি কলেজশিক্ষক পরিষদ সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।