স্ত্রীর সঙ্গে বন্ধুর ‘পরকীয়া’ সম্পর্কের দুর্নাম ছড়ানোর প্রতিশোধ নিতেই রিকশাচালক জাহাঙ্গীর আলমকে (২৭) খুন করা হয়। হত্যাকাণ্ডের চার দিনের মাথায় গত মঙ্গলবার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তিন বন্ধু বগুড়ার একটি আদালতে পৃথকভাবে স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দিয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়েজুর রহমান বলেন, পুলিশের কাছে তথ্য ছিল, দুজন যাত্রী রিকশা ভাড়ার নামে জাহাঙ্গীরকে ১ মার্চ ডেকে নিয়ে যায়। ওই তথ্যের সূত্র ধরেই প্রথমে বগুড়া শহরের ঝোপগাড়ী ওলিরবাজারের নিশান ও নিশিন্দারা এলাকার খোরশেদ আলম ওরফে স্বাধীনকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয়। নিশান ও খোরশেদের স্বীকারোক্তির ভিত্তিতে রাতে বগুড়া সদরের নামুজা এলাকার ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিশান ও খোরশেদকে সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তাঁরা রিকশাচালক জাহাঙ্গীর হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গতকাল বুধবার ইমরানও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতে নিশান, খোরশেদ আলম ও ইমরান জানিয়েছেন, তাঁরা পরস্পর বন্ধু। এর মধ্যে ইমরান শহরের একটি দোকানে কর্মচারীর কাজ করেন। স্ত্রীকে নিয়ে ঝোপগাড়ী-ধরমপুর ওলিরবাজার এলাকায় ভাড়া থাকতেন। একই বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকতেন জাহাঙ্গীর আলম। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। এদিকে ইমরানের বাসায় নিশানের অবাধ যাতায়াত ছিল। কিন্তু জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী পাড়ায় দুর্নাম ছড়ান যে ইমরানের স্ত্রীর সঙ্গে নিশানের পরকীয়া সম্পর্ক আছে। এর প্রতিশোধ নিতে ইমরান, নিশান ও খোরশেদ জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন। ১ মার্চ নিশান ও খোরশেদ রিকশায় উঠে জাহাঙ্গীরকে উপশহর হাউজিং এস্টেট এলাকার আটাপাড়া সুবিল খালের কাছে নিয়ে যান। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন ইমরান। এরপর তিনজন মিলে জাহাঙ্গীরকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে খুন করে ফেলে রেখে যান।
ওই দিনই জাহাঙ্গীরের স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।