লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামের ব্যবসায়ী শাহজাহান আলীকে (৩০) হত্যার অভিযোগে তাঁর তিন বন্ধুর নামে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার মামলাটি হয়। অভিযুক্ত তিনজন হলেন সাজু মিয়া (৩০), দুলু মিয়া (৩২) ও রেজাউল হক (৩১)। রেজাউল ও দুলু কালীগঞ্জ এবং সাজু হাতীবান্ধা উপজেলার বাসিন্দা। থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার রাত নয়টার দিকে এই তিন বন্ধুই শাহজাহান আলীকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর তাঁকে অচেতন অবস্থায় বাড়িতে পৌঁছে দেন। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় ওই তিন বন্ধু পালিয়ে যান। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আরজু মো. সাজ্জাদ বলেন, নিহত শাহজাহানের বাবা এনছান আলী মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লালমনিরহাট প্রতিনিধি|