তিন বাংলাদেশি হাজি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মিনায় গত বৃহস্পতিবার পদপিষ্ট হয়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত তথ্য জানা গেছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন। এদিকে নিহত ৭৬৯ জন হাজির মধ্যে এ পর্যন্ত ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।
প্রথম আলোর জেলা প্রতিনিধিরা স্বজনদের বরাত দিয়ে আট জেলায় আটজন হাজি নিহত এবং ছয়জন নিখোঁজের তথ্য দিয়েছেন।
গতকাল বাংলাদেশ সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানিয়েছেন, নিহত তিন বাংলাদেশি হাজির মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন খুলনার মো. শহিদুল ইসলাম। এর আগে আমিনুর রহমান নামের সাভারের আরও একজনের পরিচয় দেওয়া হয়েছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিশ্চিত করেছেন যে সৌদি কর্তৃপক্ষ যে তিন বাংলাদেশি হাজির ছবি প্রকাশ করেছে, তা যাচাই করে দেখা গেছে সেটি আমিনুর রহমানের নয়। কনস্যুলেট জেনারেল অন্য দুই বাংলাদেশি হাজির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন হাজির বরাত দিয়ে মক্কা থেকে ফেরদৌস ফয়সাল জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা একটা দলে মুজদালিফা থেকে মিনায় হেঁটে আসছিলেন জামারার দিকে। ২০৪ নম্বর সড়ক দিয়ে আসার সময় আফ্রিকার কিছু দেশের হাজিরা সড়কে ভিড়ের মধ্যে চাপ দিচ্ছিলেন। চাপে তাঁদের (প্রত্যক্ষদর্শীদের) দলের কয়েকজন নিচে পড়ে গেলেও পরে উঠে দাঁড়াতে সক্ষম হন এবং বেঁচে যান। আরাফার দিন গত বুধবার প্রচণ্ড গরম ছিল। পরের দিন বৃহস্পতিবারও ছিল প্রচণ্ড গরম। এর মধ্যেই হাজিরা মুজদালিফায় রাত যাপন করেন। ক্লান্ত হয়ে সাত-আট কিলোমিটার হেঁটে মিনায় জামারাতে বড় শয়তানকে লক্ষ্য করে সাতটি পাথর ছুড়তে ২০৪ নম্বর সড়ক দিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মিনার রাস্তাগুলো সাধারণত একমুখী হয়ে থাকে। কিন্তু প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুর্ঘটনার সময় বিপরীত মুখ থেকেও হাজিরা আসছিলেন। এতে মানুষের চাপ বেড়ে যায়। ভিড়ে হুড়োহুড়ি করতে গিয়ে এ ঘটনা ঘটে। ২০৪ নম্বর সড়ক দিয়ে আরব ও আফ্রিকার হাজিরা যাতায়াত করে থাকেন।
আটজন নিহতের খবর: প্রথম আলোর জেলা প্রতিনিধিরা স্বজনদের বরাত দিয়ে আট জেলায় আটজন হাজি নিহত এবং ছয়জন নিখোঁজের তথ্য দিয়েছেন। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় তিনজন হাজি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
প্রতিনিধিদের তথ্যমতে, নিহত হাজিদের মধ্যে ফেনীর সোনাগাজী উপজেলার দুজন ও পরশুরামের একজন, দিনাজপুরের বোচাগঞ্জের একজন, শরীয়তপুরের গোসাইরহাটের একজন, সুনামগঞ্জ পৌর শহরের একজন, মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার একজন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একজন রয়েছেন।

আরও পড়ুন: