তিন বাংলাদেশিকে অপহরণ করেছে ভারতীয় দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তিনজন বাংলাদেশিকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে ছেলেকে অপহরণের খবর শুনে মারা গেছেন একজনের বাবা। ভারতীয় এক মাদক চোরাকারবারিকে আটকের জের ধরে গতকাল রোববার এ অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী, বিজিবি ও অপহূত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবদুর রহিমের নেতৃত্বে বিজিবির একটি টহলদল গতকাল রোববার সকাল আটটায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী এলাকা (মেইন পিলার নম্বর-২১০৬/ সাব পিলার-১৩) থেকে গাঁজা ও ফেনসিডিলসহ মানিক মিয়া নামের ওই ভারতীয় যুবককে আটক করে। মানিক ভারতের রাঙ্গামুড়া থানার দক্ষিণ মুসলিমপাড়া গ্রামের লুতু মিয়ার ছেলে। বিজিবির সদস্যরা মানিককে আটকের পর চৌদ্দগ্রাম থানার পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনার পর সকাল ১০টার দিকে মানিকের ভাই হাশেমের নেতৃত্বে একদল ভারতীয় লোক মতিয়াতলীর পাশের বীরচন্দ্রনগর থেকে নোয়াপাড়া গ্রামের আহছান (৩৫), বীরচন্দ্রনগর গ্রামের কালাম (৩২) ও একই গ্রামের দিলদারকে (৩০) অপহরণ করে নিয়ে যান। অপহূত ব্যক্তিদের পরিবারের ভাষ্য অনুযায়ী, অপহরণের পর নির্যাতন শেষে ওই তিনজন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ভবানীপুর ফাঁড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে বিএসএফের সদস্যরা তাঁদের স্থানীয় রাজনগর থানা পুলিশে সোপর্দ করেন। এদিকে কালামকে অপহরণের খবর শুনে তাঁর বাবা হাফিজুর রহমান আকস্মিকভাবে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। আমানগন্ডা সীমান্ত ফাঁড়ি বিজিবির সুবেদার আমির হোসেন ওই ভারতীয় চোরাকারবারিকে মাদকসহ আটকের কথা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশি তিনজন নাগরিককে অপহরণের ব্যাপারে তাঁদের অভিভাবকেরা অভিযোগ করার পর এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।