তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাওতারী বেরুবাড়ী সীমান্ত থেকে গতকাল বুধবার আবুল হোসেন ওরফে সোনাউদ্দীন (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোনাউদ্দীনের বাড়ি উপজেলার নাওতারী গ্রামে।একই দিন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে মো. খলিল (৪০) নামের আরেক কৃষককে বিএসএফ ধরে নিয়ে গেছে। খলিল হরিপুর বকুয়া ইউনিয়নের মানিখাবাড়ি গ্রামের বাসিন্দা। এর আগে মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমাল সীমান্ত এলাকা থেকে আশরাফুল হক (২৭) নামের এক তরুণকে ধরে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকের পরও তাঁকে ফেরত দেয়নি বিএসএফ।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে সীমান্তের ৭৭৪ নম্বর প্রধান পিলার এলাকায় মাঠে কাজ করছিলেন সোনাউদ্দীন। এ সময় ভারতের সাতকুড়া বেরুবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। এ ঘটনায় ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।বিজিবির ডানাকাটা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।এদিকে গতকাল সকাল ১০টার দিকে ডাবরী সীমান্তের ৩৬৭ মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার এলাকায় খেতে কাজ করছিলেন খলিল। এ সময় ভারতের ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকে বসার অনুরোধ করে চিঠি দেওয়ার পর বেলা আড়াইটার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনার প্রতিবাদ পাঠানো হয়েছে।