তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল রোববার দিনাজপুরের হিলি সীমান্তে তাঁদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা তিন বাংলাদেশি হলেন দিনাজপুরের সদর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে জোবায়ের হোসেন, রাজশাহীর মতিহার থানার পচামারিয়া গ্রামের গৌর সান্দাইলের ছেলে রতন সান্দাইল ও একই এলাকার জিকস সান্দাইলের ছেলে বাবুল সান্দাইল। গতকাল বিকেল তিনটায় হিলি সীমান্তের তল্লাশিচৌকির ফটকে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতের হিলি বাজার থেকে ওই তিন বাংলাদেশিকে শনিবার বিএসএফ সদস্যরা আটক করেন। ফেরত পাওয়ার পর ওই তিন বাংলাদেশিকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সীমান্তচৌকিতে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার আবদুল মান্নান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হিলি ক্যাম্প কমান্ডার পারভেজ সিং।