তিন বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার হাট সীমান্ত এলাকা থেকে আটক করা তিন বাংলাদেশিকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোনার হাট সীমান্ত ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে অনুরোধ করে। কিন্তু বিএসএফ সাড়া দেয়নি। ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ‘পতাকা বৈঠক না হলেও আটক হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালাচ্ছি।’ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভারতীয় পুলিশ আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে বিজিবির সহায়তায় তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গত সোমবার দুপুর ১২টায় সিলেটের সোনারহাট সীমান্তের ১২৬৮ নম্বর মেইন পিলার-সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করার সময় গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের সুহেল আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার হাবিবুল্লাহ জালাল ও অজ্ঞাতনামা একজনকে বিএসএফ ধরে নিয়ে যায়।