তিন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয়রা
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার মজুমদারটিলায় গতকাল রোববার ভোরে তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজারের সিদ্দিক আলী (৬৫), ওসমানপুর গ্রামের আনোয়ার আলী (৩২) ও সুন্দর আলী (৩০)। তাঁরা সবাই গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, চুনারুঘাটের বাল্লা সীমান্তের ৭৬৭ নম্বর পিলার দিয়ে গতকাল ভোরে বাংলাদেশি পাঁচ গরু ব্যবসায়ী ভারতের ত্রিপুরা রাজ্যে ঢোকেন। তাঁরা খোয়াই শহরে মজুমদারটিলা এলাকায় গেলে সেখানকার নাগরিকেরা তাঁদের গরু চোর সন্দেহে ধাওয়া করেন। তাঁরা নিজেদের রক্ষা করতে বনাঞ্চলের একটি গাছে উঠে আশ্রয় নেন। স্থানীয় লোকজন তা বুঝতে পেরে গাছে উঠে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পালিয়ে আসা দুই সঙ্গী দেশে এসে তাঁদের পরিবারকে ঘটনা জানান।
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে জানান, তাঁরা ভারতীয়দের সঙ্গে গরুর ব্যবসা করতেন।
বিজিবির ১৪ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন জুয়েল প্রথম আলোকে জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে তাঁদের কথা হয়েছে। বিএসএফ জানিয়েছে নিহত ব্যক্তিদের লাশের ময়নাতদন্ত হয়েছে। আজ সোমবার বিজিবির কাছে লাশ হস্তান্তর করা হতে পারে।