কুয়েতে একজন বাংলাদেশিকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত প্রবাসী তিন ব্যক্তির প্রাণভিক্ষার চেষ্টা চলছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসন তাঁদের প্রাণভিক্ষা নেওয়ার কাজ করছে।ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামের রমজান মিয়া (২০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ী গ্রামের দুই সহোদর ইকবাল হোসেন (২৬) ও হূদয় (২৫)। কুয়েতি আইন অনুসারে নিহতের পরিবার ক্ষমা করলে কেবল মৃত্যুদণ্ড মওকুফ করা যাবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের অক্টোবরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ববান্দাইল গ্রামের মোহিদুর কুয়েতে খুন হন। ওই ঘটনায় মোহিদুরের দ্বিতীয় স্ত্রী কুয়েত প্রবাসী আনোয়ারা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওই দেশের আদালতে মামলা করেন। ২০১১ সালের সেপ্টেম্বরে আদালত ওই তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।একই বছরের ২৬ অক্টোবর কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা ওই নাগরিকদের বিষয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে একটি চিঠি দেন। এতে তিনি উল্লেখ করেন, এদের ফাঁসি থেকে রক্ষা করার জন্য নিহত মোহিদুরের নিকটাত্মীয় (মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে) থেকে ক্ষমাপত্র এবং বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে কুয়েতের আমির বরাবর প্রাণভিক্ষার অনুরোধপত্র পাঠালে দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।৫ জানুয়ারি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক (কল্যাণ) মুকতাদির আজিজ কুমিল্লা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে তিনজনের প্রাণভিক্ষার ক্ষমাপত্র তৈরি করে দ্রুত বিষয়টির সমঝোতা করার জন্য বলা হয়।গত মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসন আসামি রমজানের তিতাস উপজেলার বলরামপুর গ্রামের বাড়িতে লোক পাঠান। মুন্সিগঞ্জের শ্রীনগরের বাগবাড়ী এলাকার ইকবাল ও হূদয়ের বাড়িতেও মুন্সিগঞ্জ জেলা প্রশাসন চিঠি পাঠায়। চিঠি পেয়ে গতকাল বুধবার দুপুরে তাঁদের বোনের জামাই আবুল হোসেন ও মামা আক্কাস শেখ জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, প্রশাসন পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। রমজানের মা মনোয়ারা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আমি কাল শুক্রবার মানিকগঞ্জে মোহিদুরের বাড়ি গিয়ে তার পরিবারের কাছে ক্ষমা চাইব।’মুন্সিগঞ্জের ইকবাল ও হূদয়ের বোনের জামাই আবুল হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের জেলা প্রশাসক ডেকেছেন। ওনারা সহযোগিতা করছেন। কাল শুক্রবার মোহিদুরের পরিবারের সঙ্গে দেখা করতে যাব। তাঁদের কাছে ক্ষমা চাইব।’