তিন বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নাগরিকদের গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশির লাশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদেরাঘাট নামক স্থানে এ লাশ গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় লোকজন জানান, চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের পাঁচ-ছয়জন গত মঙ্গলবার বাল্লা সীমান্ত দিয়ে প্রায় চার কিলোমিটার দূরে ভারতের সিংহাইছড়ার লতাবাড়ি এলাকায় যান। এ সময় লতাবাড়ির লোকজন তাঁদের গরুচোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে সুজন (২৩) ও করম আলী (৩৫) ঘটনাস্থলেই মারা যান। আকল মিয়া (৩০) নামের এক যুবক সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গতকাল বিকেল পাঁচটায় হস্তান্তরের কথা থাকলেও বিএসএফ দুই ঘণ্টা পর সন্ধ্যা সাতটায় লাশ ফেরত দেয়। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসিরউদ্দিন আহমেদ লাশগুলো গ্রহণ করেন। এ সময় বিজিবি, চুনারুঘাট থানার পুলিশ ও গণমাধ্যমকর্মীসহ নিহতদের আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন।
নাসিরউদ্দিন আহমেদ জানান, তাঁরা লাশগুলো গ্রহণ করে চুনারুঘাট থানার পুলিশকে বুঝিয়ে দিয়েছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, রাতেই লাশগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিজিবি শ্রীমঙ্গলের ৫২ সেক্টর অধিনায়ক কর্নেল মো. তারিকুল ইসলাম খান জানান, তিন বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুই দেশের সর্বোচ্চ ফোরামে এ নিয়ে আলোচনা হবে।