তিন বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যে স্থানীয় লোকজনের হাতে নিহত তিন বাংলাদেশির লাশ আজ সোমবার রাত আটটার দিকে হস্তান্তর করেছে ভারত। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারকোর্ট সীমান্তের ১৯৬৬ নম্বর পিলারের ১ নম্বর সাব-পিলার দিয়ে এ লাশগুলো হস্তান্তর করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজারের সিদ্দিক আলী (৬৫), একই উপজেলার ওসমানপুর গ্রামের আনোয়ার আলী (৩২) ও সুন্দর আলী (৩০)।

বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল ক্যাম্পের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল্য কুমার চৌধুরী লাশ গ্রহণ করেন। এ সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০ ব্যাটালিয়নের অধিনায়ক নরেন্দ্র বাজপেয়ী ও পুলিশ ইন্সপেক্টর নারায়ণ চক্রবর্ত্তীসহ কর্মকর্তারা।

লাশ আসবে—এমন সংবাদ পেয়ে আজ সকাল থেকেই জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের চেকপোস্টের সামনে অপেক্ষা করছিলেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। সন্ধ্যা সাতটার দিকে বিএসএফ জানায়, লাশ তিনটি বাল্লা সীমান্তের পরিবর্তে একই এলাকার কেদারাকোর্টের পিলারের ১ নম্বর সাব-পিলার দিয়ে হস্তান্তর করা হবে। পরে বিজিবি, উপস্থিত সাংবাদিকসহ সবাই ওই এলাকায় যান। রাত আটটার দিকে অপেক্ষার শেষ হয়। কঠোর নিরাপত্তার মধ্যে বিএসএফ তিন বাংলাদেশির লাশ হস্তান্তর করে। পরে বিজিবি স্বজনদের কাছে লাশ তিনটি হস্তান্তর করে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ।

হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাল্লা সীমান্তের ৭৬৭ নম্বর পিলার দিয়ে গতকাল রোববার ভোর রাতে পাঁচজন ভারতের ত্রিপুরা রাজ্যে ঢোকেন। গরুচোর সন্দেহে খোয়াই শহরের মজুমদার টিলা এলাকার বাসিন্দারা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে হত্যা করে।

চৌধুরী সাইফ উদ্দিন কাউসার প্রথম আলোর কাছে লাশ ফেরত দেওয়ার কথা নিশ্চিত করেন।