তিন বাজারের ১০ দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর, গজারিয়া ও জামতলী বাজারে একই রাতে ১০টি দোকানে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাতে এক ঘণ্টার ব্যবধানে এই দোকানগুলোতে ডাকাতি হয়। এই ঘটনায় গতকাল বুধবার ব্যবসায়ীরা বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ীরা জানান, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের লাগোয়া দুই কিলোমিটারের মধ্যে পিরিজপুর, গজারিয়া ও জামতলী বাজারের অবস্থান। রাত ১০টার মধ্যে বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পিরিজপুরে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। প্রতিটি বাজারে রয়েছে নৈশ প্রহরী। সোমবার দিবাগত রাত দুইটার দিকে আটজনের একটি ডাকাত দল প্রথমে পিরিজপুর বাজারে হানা দেয়। কাছাকাছি সময়ে একই সংখ্যক ডাকাত গজারিয়া ও জামতলী বাজারেও হানা দেয়। তিনটি বাজারে ঢুকেই তারা নৈশ প্রহরীদের জিমিঞ্চ করে লুটপাট চালায়।পিরিজপুর বাজারের ব্যবসায়ীরা জানান, ডাকাতেরা বাজারের কামরুল ইসলামের মেশিনারিজ দোকান থেকে নগদ অর্থসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল, আক্তার মিয়ার মুদির দোকান থেকে নগদ ৪০ হাজার এবং একটি ফার্মেসি থেকে ৩৫ হাজার টাকা লুট করে। জামতলী বাজারের দুই দোকানে ডাকাতি হয়। রতন মিয়ার মুদির দোকান থেকে ১৫ হাজার টাকা ও মুখলেস মিয়ার দোকান থেকে ১০ হাজার টাকার মালামাল লুট হয়। গজারিয়া বাজারের পাঁচটি দোকানে ডাকাতি হয়। এর মধ্যে নয়ন মিয়ার মুদি দোকান থেকে ২০ হাজার, রতন মিয়ার সারের দোকান থেকে ৩০ হাজার, ফারুক মিয়ার মুদির দোকান থেকে ৪৫ হাজার, সোহেলের দোকান থেকে ২৫ হাজার, কিতাব আলীর দোকান থেকে ১৫ হাজার টাকার মালামাল লুট করে। বাজিতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ডাকাতি নয়, তিন বাজারের কয়েকটি দোকানে চুরি হয়েছে।