তিন বালু ব্যবসায়ীকে সাজা প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে গতকাল বুধবার তিন বালু ব্যবসায়ীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নদীর প্রবাহ সংকুচিত করে সরকারি জমির ওপর অবৈধভাবে বালুর ব্যবসা করার অপরাধে তাঁদের সাজা দেওয়া হয়।এর প্রতিবাদে গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ফলে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ধামরাই ও সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শতাধিক লোক ঢাকা-আরিচা মহাসড়কের বংশী নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব তীর আশুলিয়ার নয়ারহাট ও পশ্চিম তীর ধামরাইয়ের ইসলামপুর এলাকায় নদী এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে বালুর ব্যবসা করে আসছেন। তাঁরা নদীর তীরে বালুর বস্তা ফেলে নদীর প্রবাহ সংকুচিত করার পাশাপাশি সেতুসংলগ্ন ভূমি ব্যবহার করে সেতুটি হুমকির মধ্যে ফেলেছেন, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আইন অমান্য করে বালু ব্যবসা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুজ্জামান গতকাল অভিযান চালিয়ে বালু ব্যবসায়ী সোহেল হোসেন (২৪), হেদায়েত হোসেন (৩০) ও জাকির হোসেনকে (২৫) ১৫ দিন করে কারাদণ্ড দেন। এর প্রতিবাদে কিছু বালু ব্যবসায়ী তাঁদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বেলা দুইটার দিকে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা সহকারী কমিশনারের অপসারণ ও সাজা পাওয়া ব্যবসায়ীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ধামরাই থানার ওসি এস এম আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল পাঁচটার পর যান চলাচল শুরু হয়। মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, বালু ব্যবসায়ীরা সওজের ভূমি দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছেন। বারবার নোটিশ দিয়েও কোনো কাজ হচ্ছে না। সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুজ্জামান বলেন, বালু ব্যবসায়ীরা নদীর তীরে বস্তা ফেলে নদীর প্রবাহ সংকুচিত করছেন। এ ছাড়া সেতুর পাশে ও নিচে বালু ফেলে সেতুটিকেও হুমকির মধ্যে ফেলেছেন। এ কারণেই গতকাল অভিযান চালিয়ে কয়েকজনকে সাজা দেওয়া হয়।