তিন বাসা ও আইনজীবীর কার্যালয়ে চুরি
চট্টগ্রাম নগরের বায়েজিদ ও কোতোয়ালি থানা এলাকার তিনটি বাসায় চুরি হয়েছে। ঈদের ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার বাসিন্দারা বাসায় ফিরে চুরি সম্পর্কে জানতে পারেন।এদিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় জেলা আইনজীবী সমিতি ভবনে দুই আইনজীবীর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সূত্র জানায়, বায়েজিদ থানার শীতলঝর্ণা আবাসিক এলাকায় এক প্রবাসীর বাসায় চুরি হয়েছে। সূত্র জানায়, ১৬ আগস্ট ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান দক্ষিণ আফ্রিকাপ্রবাসী নাজমুল হোসেনের পরিবারের সদস্যরা। এ সময় বাসা তালাবদ্ধ ছিল। গতকাল সকালে পরিবারের সদস্যরা বাসায় ফিরে চুরির বিষয়টি জানতে পারেন। বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, জানালার গ্রিল কেটে চোরের দল ঘরে ঢুকেছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাসা থেকে ১২ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও একটি ডিভিডি চুরি হয়েছে। নগরের কোতোয়ালি থানার চন্দনপুরা এলাকায় একই ভবনের দুটি বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চন্দনপুরার মনু মিয়াজি লেইনের বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, ‘ঈদে আমি নাঙ্গলকোটে নিজ বাড়িতে গিয়েছিলাম। বৃহস্পতিবার বাসায় ফিরে দেখি, জানালার গ্রিল কাটা। চোরেরা আমার বাসা থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও চারটি শাড়ি নিয়ে গেছে।’ তিনি বলেন, ‘ভবনের দ্বিতীয় তলায় মো. সেলিমের বাসায়ও একইভাবে চুরির ঘটনা ঘটেছে। ওই বাসা থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও তিন হাজার টাকা চুরি হয়েছে বলে গৃহকর্তা আমাকে জানিয়েছেন।’এদিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় জেলা আইনজীবী সমিতি ভবনে দুই আইনজীবীর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন: আশীষ কুমার দাশ (৩০), দিলীপ গুপ্ত (৩৫) ও খলিলুর রহমান (৪৪)। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার চেম্বারে এসে আইনজীবীরা চুরির বিষয়টি জানতে পারেন। চোরেরা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী তৃষ্ণা ভট্টাচার্যের ড্রয়ার থেকে দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। তৃতীয় তলায় আইনজীবী যদু চৌধুরীর কক্ষের জানালা ভেঙে কম্পিউটারের মনিটর নিয়ে গেছে চোরের দল।’