আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন
তিন বাহিনীর প্রধান পদে চাকরির সর্বোচ্চ মেয়াদ চার বছর হচ্ছে

সেনা, নৌ ও বিমান—এই তিন বাহিনীর প্রধান পদে চাকরির সর্বোচ্চ মেয়াদ চার বছর হচ্ছে। বাহিনীপ্রধানের পদে যোগদানের তারিখ থেকে একসঙ্গে বা বর্ধিত মেয়াদে এই চার বছর নির্ধারিত হবে।
এই ব্যবস্থা রেখে ‘প্রতিরক্ষা-বাহিনী প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন ও ভাতাদি) আইন, ২০১৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাহিনীপ্রধানদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। জনস্বার্থে অবসর না দেওয়া হলে বা স্বেচ্ছায় অবসরে না গেলে বাহিনীপ্রধান পদে মেয়াদ একসঙ্গে বা বর্ধিতকরণসহ সর্বোচ্চ চার বছর হবে। এত দিন তিন বাহিনীপ্রধান নিয়োগের জন্য আইন ছিল না। জেনারেল সার্ভিসেস ইনস্ট্রাকশনস (জেএসআই) অনুযায়ী এত দিন তাঁদের নিয়োগ দেওয়া হতো।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধানের ৬১ থেকে ৬৩ অনুচ্ছেদে বলা আছে, আইন প্রণয়নের মাধ্যমে সংসদ প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতা নির্ধারণ করবে। যেহেতু সংবিধানে বলা আছে, কিন্তু ৪৪ বছরেও কোনো আইন হয়নি, এ জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, বাহিনীপ্রধানের বেতন হবে মন্ত্রিপরিষদ সচিবের মতো ৮৬ হাজার টাকা (নির্ধারিত)। তবে তাঁদের কিছু নির্দিষ্ট ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বহাল থাকবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো বাহিনীপ্রধান অবসর নেওয়ার পর কোনো সামরিক বা অসামরিক পদে পুনর্নিয়োগ লাভে যোগ্য হবেন না। তবে চুক্তিভিত্তিক কোনো অসামরিক পদে নিয়োগ পেতে পারেন। এ ছাড়া অবসরের পর সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে বাধা থাকবে না।
সীমান্ত হাটের কলেবর বাড়ছে: বৈঠকে বাংলাদেশ ও ভারত সীমান্তে ‘সীমান্ত হাট’ স্থাপন ও পরিচালনা-সংক্রান্ত নবায়ন ও পুনঃস্বাক্ষরের জন্য খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১০ সালে সীমান্ত হাট শুরু হয়। বর্তমানে চারটি স্থানে হাট বসে। কিন্তু এগুলোর মেয়াদ ছিল তিন বছর। সেই সময় অতিবাহিত হয়ে গেছে। খসড়ায় হাটের মেয়াদ তিন বছরের স্থানে পাঁচ বছর করা হয়েছে। বিক্রেতার সংখ্যা বিদ্যমান ২৫-এর স্থলে ৫০ করা হয়েছে। পণ্য ক্রয়সীমা ১০০ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার করা হয়েছে। মৌলভীবাজারের জুড়ী, কমলগঞ্জসহ বিভিন্ন সীমান্তে আরও ছয়টি হাট স্থাপনের বিষয় প্রক্রিয়াধীন আছে।
বৈঠকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬, বীজ আইন, ২০১৬ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৬-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়ার অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোকপ্রস্তাব পাস হয়। শুরুতে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থা (আইটিইউ) থেকে পাওয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের ‘রিকগনিশন অব এক্সিলেন্স পুরস্কার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড প্রদর্শনীতে এই পুরস্কার দেওয়া হয়।