তিন বাড়িতে ডাকাতি
খুলনার ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত শুক্রবার দিবাগত রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এসব বাড়ি থেকে স্বর্ণালংকার, মুঠোফোনসহ দশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত দুইটার দিকে ১০-১৫ জন ডাকাত রোস্তমপুর গ্রামের বাসিন্দা উপসহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ দাসের ঘরের বারান্দার গ্রিলে আঘাত করে। শব্দ শুনে বাইরে এলে ছয়-সাতজন ডাকাত আশুতোষকে মারধর করে। পরে ডাকাতেরা পরিবারের সদস্যদের বেঁধে রেখে একটি মোটরসাইকেল, মুঠোফোন সেট, এক লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
এরপর ডাকাতেরা পাশেই দীপঙ্কর দাসের বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার, নয় হাজার টাকা ও একটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়।
আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইয়েরচর গ্রামের তরিকুল শেখের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, আটটি মুঠোফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।