লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুত্ সরবরাহের জন্য তিন বিঘা করিডরের মাটির নিচ দিয়ে লাইন স্থাপন করতে দিতে সম্মত হয়েছে ভারত। গত শক্রবার তিন বিঘা করিডরের ভারতীয় অংশে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুত্ দিতে দুই দেশের সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বিডিআর ও বিএসএফ কর্তৃপক্ষ। সে লক্ষ্যেই শুক্রবারের ওই বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআরের লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আসলাম হোসেন এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি ১৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এ এস তেজি। দুই দেশের বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা এবং বিডিআর ও বিএসএফের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রংপুর পিডিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্তুজা প্রস্তাবিত ভূতল কেব্ল লাইন স্থাপন কর্মপরিকল্পনার নকশা ভারতীয় পক্ষের হাতে হস্তান্তর করেন।বিএসএফের কর্মকর্তারা জানান, কর্মপরিকল্পনার নকশা, নথিপত্র এবং গতকালের বৈঠকের সিদ্ধান্ত-পরবর্তী পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং লাইন স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে।বিডিআরের রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান জানান, দহগ্রাম ও আঙ্গরপোতার ১৭ হাজার বাসিন্দা শিগগিরই বিদ্যুত্ পাবে। এতে সেখানে উন্নয়নের নতুন যুগ শুরু হবে। দহগ্রাম ও আঙ্গরপোতায় বর্তমানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স, একটি ইউনিয়ন পরিষদ ভবন, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং চারটি প্রাথমিক বিদ্যালয়সহ কিছু স্থাপনা আছে বলে তিনি জানান।দুই দেশের মধ্যে চুক্তির আওতায় ১৯৯২ সালে ভারত তিন বিঘা করিডরটি লিজ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। তবে এই করিডরের ওপর দিয়ে লাইন টেনে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুত্ দেওয়ার ব্যাপারে এত দিন ভারতের আপত্তি ছিল।