তিন বিঘা জমিজুড়ে বটবৃক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুপগঞ্জের প্রায় তিন বিঘা জমিজুড়ে থাকা বটবৃক্ষটি দেখতে মানুষ প্রায় ভিড় করে। ছবি: লেখক
রুপগঞ্জের প্রায় তিন বিঘা জমিজুড়ে থাকা বটবৃক্ষটি দেখতে মানুষ প্রায় ভিড় করে। ছবি: লেখক

হিরনালের বটগাছটি দেখে যে কারও চোখ ছানাবড়া হয়ে যাবে। চারদিকে পিনপতন নীরবতা। কোনো লোকজন নেই। বৃক্ষটির নিচে দাঁড়ালেই শরীর শিউরে উঠবে। একটু ভয় ভয় লাগবে। প্রায় তিন বিঘা জমিজুড়ে বিদ্যমান বটবৃক্ষটি দেখতে মানুষ প্রায়ই ভিড় করে।

ইতিহাস-ঐতিহ্য খুঁজে নিশ্চিত হওয়া গেছে কালীগঞ্জের মল্লিকপুরের বৃহত্তম প্রাচীন বটগাছের পর হয়তো দ্বিতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জে রূপগঞ্জের হিরনালের বটগাছ। গাছটির বয়স কারও মতে ৩০০-৪০০ বছর। আবার কারও মতে, ৫০০ বছরের ওপর। কিন্তু এর ভিত্তি নেই। কুলাদি মৌজায় অবস্থিত গাছটি হিরনাল বটগাছ নামে বিশেষভাবে পরিচিত।


স্থানীয়দের মতে, গাছটি ৪০০ বছরের পুরোনো। রাস্তার ধারে ডাল-পাতায় পরিপূর্ণ গাছটি জনবিরল স্থানে পথিকের বিশ্রামের আশ্রয়স্থল। বটগাছটি একের পর এক ঝুরি নামিয়ে বিরাট আকার ধারণ করেছে।
বটগাছটির নিচে কথা হয় জসিম সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘বাপ-দাদাগো মুখে হুনতাম এই বটগাছের কথা। তার মতে, গাছটির বয়স ৫০০ বছরের ওপরে হতে পারে।’

নিচ থেকে গাছটিতে গোড়ার দিকে যাওয়ার জন্য সিঁড়িও করা আছে। ছবি: লেখক
নিচ থেকে গাছটিতে গোড়ার দিকে যাওয়ার জন্য সিঁড়িও করা আছে। ছবি: লেখক

তবে গাঁয়ের সবচেয়ে বয়োবৃদ্ধ পঁচানব্বই বছর বয়সের নাসির ফকিরের মতে, গাছটির বয়স সাড়ে ৪০০ বছরের ওপরে। তিনি বলেন, ‘আমার বাবা মজিবুর রহমান ওরফে ঠান্ডু ফকিরই বেঁচে গেছেন ১০০ বছর। আমার বাবায় কইতো দাদায়ও এই গাছটা এমন দেখছে।’


হিরনাল বাগবাড়ি এলাকার পঞ্চাশোর্ধ্ব রাবিয়া বেগম বলেন, ‘বাজান আমরা ছোটবেলা থেইক্যা এই বটগাছটা দেইহ্যা আইতাছি। অনেক মানুষ এহানে আয়ে।’


তবে বটগাছটির কোনো পরিচর্যা কেউ করে না। অযত্ন, অবহেলা ও অত্যাচারে বিলীন হতে চলছে গাছটি। এই ঐতিহ্যকে গুরুত্বসহকারে কাজে লাগালে এ অঞ্চল হতে পারে পর্যটনকেন্দ্র। এই বিস্তৃত বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলিতে মুখর শীতল পরিবেশ বিমুগ্ধ চিত্তকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে।

নারায়ণগঞ্জে রূপগঞ্জের হিরনালের বটগাছটির বয়স কারও কারও মতে ৩০০-৪০০ বছর। ছবি: লেখক
নারায়ণগঞ্জে রূপগঞ্জের হিরনালের বটগাছটির বয়স কারও কারও মতে ৩০০-৪০০ বছর। ছবি: লেখক

কীভাবে যাবেন
রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে বাসে কাঞ্চন ব্রিজ। সেখান থেকে বাসে কিংবা সিএনজিচালিত অটোরিকশাযোগে জিন্দা পার্কের আগে কালনি রোড দিয়ে যাওয়া যায় হিরনালের নয়নাভিরাম এই বটগাছের কাছে।