অসদাচরণ ও অনিয়মের ঘটনায় তিন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছেন ফুল কোর্ট সভা। তাঁরা হলেন বর্তমান চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান এ কে এম ইশতিয়াক হুসাইন, যশোরের বর্তমান অতিরিক্ত জেলা জজ মো. মিজানুর রহমান এবং লালমনিরহাটের যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মো. আকরাম।
সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সম্প্রতি অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় অতিরিক্ত জেলা জজ থেকে ৮১ জনকে জেলা জজ পদে পদোন্নতির এবং ১২ জনকে জেলা জজ পদে পদোন্নতির প্যানেলে অন্তর্ভুক্ত না করারও সুপারিশ অনুমোদন করা হয়। বিচারকদের পদোন্নতিতে অভিজ্ঞতার শর্ত সাময়িক সময়ের জন্য শিথিল করা হয়েছে।
অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি ও শৃঙ্খলা বিধানসহ বিভিন্ন সিদ্ধান্ত অনুমোদনের জন্য ফুল কোর্টে উপস্থাপন করা হয়। অনুমোদনের পর আইন মন্ত্রণালয় তা বাস্তবায়ন করে।
আদালত সূত্র জানায়, সভায় অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতিতে ছয় মাসের অভিজ্ঞতাসহ মোট ১০ বছর ও যুগ্ম জেলা জজ পদে পদোন্নতিতে মোট চাকরির কাল সাত বছরের শর্ত শিথিল করে যথাক্রমে আট ও পাঁচ বছর করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া জেলা জজ পদে পদোন্নতিতে বিচারক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতার স্থলে বিচারক পদে এক বছর ছয় মাসের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছর চাকরির অভিজ্ঞতার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এটা চলতি বছরের ১ আগস্ট থেকে আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য।
মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বর্তমান চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান এ কে এম ইশতিয়াক হুসাইন, যশোরের বর্তমান অতিরিক্ত জেলা জজ মো. মিজানুর রহমান এবং অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মো. আকরামের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে তাঁদের বাধ্যতামূলক অবসরের প্রস্তাব অনুমোদনের জন্য ফুল কোর্টে আসে।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে মন্ত্রণালয় বাধ্যতামূলক অবসরের প্রস্তাব পাঠায়। পরে ফুল কোর্ট তাতে অনুমোদন দিয়েছেন।
জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় ১২টি আলোচ্য বিষয় ছিল।
সূত্র জানায়, সভায় বলা হয়, নিম্ন আদালতে মামলার সংখ্যা ২৪ লাখ ১০ হাজার ৩২৪টি। এর মধ্যে মুখ্য বিচারিক বা মুখ্য মহানগর হাকিম আদালতে নয় লাখ ২৭ হাজার ৪৩৫টি মামলা রয়েছে। জেলা ও দায়রা জজ বা মহানগর দায়রা জজ আদালতে ১৪ লাখ ৮২ হাজার ২৪৯টি মামলা বিচারাধীন। সভায় বলা হয়, পর্যাপ্ত সংখ্যক বিচারক সংকটের কারণে এই বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। পদোন্নতি ও নতুন নিয়োগের মাধ্যমে ওই সংকট নিরসন করা সম্ভব।
সূত্র জানায়, আগামী বছরে জেলা ও দায়রা জজ পদে বর্তমানে ১৭টিসহ ৬০টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বর্তমানে ৩০সহ ৯০টি, যুগ্ম জেলা ও দায়রা জজ পদে বর্তমানে ৮৯টিসহ ১৭৯টি পদ শূন্য হবে। জ্যেষ্ঠ সহকারী জজের পদ বর্তমানে ২৬৩টি শূন্য।
পদোন্নতির শর্ত শিথিল: সভার এক নম্বর আলোচ্যসূচিতে ছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি, শৃঙ্খলা বিধান এবং চাকরির অন্যান্য শর্তাবলি) বিধিমালা ২০০৭-এর ৪ বিধির উপ-বিধি ৪-এর আলোকে পদোন্নতির প্রয়োজনীয় যোগ্যতা শিথিল করা সংক্রান্ত জিএ কমিটির (প্রশাসনিক কমিটি) সিদ্ধান্ত অনুমোদনের বিষয়। ফুল কোর্ট সভায় শর্ত শিথিলের প্রস্তাব অনুমোদিত হয়।
সূত্র জানায়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ২০০৭ সালের বিধিমালার ৪(৪) আলোকে পদোন্নতির বিষয়ে প্রয়োজনীয় যোগ্যতা শিথিলের প্রস্তাব করে।
পদোন্নতি হয়নি ১২ ও স্থগিত চার: বিভিন্ন অভিযোগে ১২ বিচারককে পদোন্নতি প্যানেলে অন্তর্ভুক্ত না করার সুপারিশ অনুমোদন করেছেন ফুল কোর্ট। সূত্র জানায়, তাঁদের কারও কারও ক্ষেত্রে বিভাগীয় মামলা চালু থাকা, বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) সততাসংক্রান্ত বিরূপ মন্তব্য থাকা, অনুমতি ছাড়া দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগ রয়েছে। চারজনের পদোন্নতির বিষয়টি আপাতত মুলতবি (স্ট্যান্ড ওভার) রাখা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা: সভার অষ্টম আলোচ্যসূচি ছিল হাইকোর্ট বিভাগের (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা-১৯৮৭-এর খসড়া অনুমোদনের প্রস্তাব। ওই নিয়োগ বিধিমালা যাচাই-বাছাই করে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হাইকোর্ট বিভাগের পাঁচ বিচারপতির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ফুলকোর্ট সভায় বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপনের সিদ্ধান্ত হয়।