তিন বিচারকের বিরুদ্ধে 'রাজনৈতিক সহানুভূতির' অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিন অযোগ্য ধারায় করা আট মামলায় ১০৬ জনকে জামিন দেওয়ায় হবিগঞ্জের তিনজন বিচারককে নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের অভিযোগ, আসামিদের রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া অথবা ২০-দলীয় জোটের রাজনীতির প্রতি সহানুভূতিশীল হওয়ায় হাকিমেরা এ জামিন দিয়েছেন।
গত ৩ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ অভিযোগ পাঠায়। ২৩ মার্চ তা প্রতিবেদন আকারে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এর আগেই ফেব্রুয়ারি মাসে তিন বিচারকের আমলি-ক্ষমতা রহিত করা হয়। গত মার্চ মাসে এঁদের বদলি করা হয়। এঁদের মধ্যে দুজন এপ্রিলের প্রথম সপ্তাহে হবিগঞ্জ ছেড়ে মেহেরপুর ও ভোলায় নতুন কর্মস্থলে যোগ দেন। বাকি একজনকে পিরোজপুরে বদলি করা হলেও পরে তা বাতিল করা হয়।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলার মামলায় দুটি, দ্রুত বিচার আইনে করা দুটি, বিশেষ ক্ষমতা আইনে করা তিনটি এবং মারামারির ঘটনায় করা একটি মামলায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল।
বিচারকের বিরুদ্ধে পুলিশের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল প্রথম আলোকে বলেন, দলীয় পরিচয়টা বড় ব্যাপার নয়। তাঁদের কাজ হচ্ছে বিচার করা। তবে বিচার করতে গিয়ে যদি তাঁরা কোনো দলীয় বিষয় বিবেচনা করেন, তবে তা অবশ্যই শাস্তিযোগ্য। অবশ্য আইনমন্ত্রী এ-ও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিটি পেলে আমি বিস্তারিত বলতে পারব।’
তবে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিচারকের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলা বা আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া—এ ধরনের কথা এই প্রথম শুনলাম।’ তিনি বলেন, যদি সরকার মনে করে, কোনো আদেশ তাদের দৃষ্টিতে আইনসংগত হয়নি, তাহলে উচ্চতর আদালত রয়েছে, সেখানে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু বিচারকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা মোটেই সমীচীন নয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলার ধারা জামিনের অযোগ্য হওয়া সত্ত্বেও এই আটটি মামলায় আসামিদের আদালতে হাজির করার দিনই জামিন দেওয়া হয়। আর জামিনে মুক্তি পেয়ে আবারও পুলিশ কর্মকর্তাদের বাসভবন ও অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন কয়েকজন আসামি। এসব মামলায় এত সহজে জামিন দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজে নিরুৎসাহিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, ৫ জানুয়ারি হরতাল চলাকালে বাহুবল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়ার নেতৃত্বে জোটের সাড়ে তিন শ নেতা-কর্মী রাস্তায় যানবাহন চলাচলে বাধা দিতে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি এবং পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে অরাজকতা সৃষ্টি করেন। তাঁদের ইটপাটকেলের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৪ জন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া ১৯ জানুয়ারি বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় বাহুবল ও নবীগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) দমন আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
২১ জানুয়ারি বাহুবল থানার মামলায় বাহুবল উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কসহ ৪৮ জন আসামি (সবাই বিএনপি ও জামায়াতের কর্মী) আদালতে জামিন চান। জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম রোকেয়া আক্তার প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন দেন।
আর বাহুবল থানার মামলায় ১১ জন জামিনের আবেদন করলে শুনানি শেষে একইভাবে জনপ্রতি ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারিক হাকিম কামাল হোসেন।
গত ২০ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৩৬ জন আসামি আদালতে হাজির হলে শুনানি শেষে দুজন বাদে বাকি ৩৪ জনকে একইভাবে জামিন দেন বিচারিক হাকিম বেগম রোকেয়া আক্তার। একই দিনে আরও ১৩ জন আসামি জামিন পান বিচারিক হাকিম রশিদ আহমেদ মিলনের আদালত থেকে।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড বাতিল করে আমৃত্যু কারাদণ্ড দিলে জামায়াত-শিবির নবীগঞ্জ উপজেলার আমির মাওলানা আশরাফের নেতৃত্বে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ওই মামলার সব আসামি বিচারিক হাকিম রশিদ আহমেদ মিলনের আদালত থেকে জামিন পান।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন বিচারিক হাকিম বলেন, তাঁরা কেউই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, জামিন অযোগ্য অর্থ এই নয় যে জামিন কোনো দিন দেওয়া যাবে না। যৌক্তিকতা থাকলে জামিন দেওয়া যাবে। অযৌক্তিকভাবে একটি আদেশও দেওয়া হয়নি।
আরেকজন বিচারিক হাকিম প্রথম আলোকে বলেন, শুধু জামিন দেওয়ার হিসাবই দেওয়া হয়েছে। কত জামিন নামঞ্জুর করা হয়েছে, সে হিসাব তো দেওয়া হয়নি। তিনি বলেন, একটি মামলায় ৮০ জনকে আসামি করা হলো। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগই আনা হয়নি। তাহলে তো জামিন আটকানো যায় না।