২০০৯ সালে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে হত্যাকাণ্ডের মামলার বিচারের দায়িত্বে থাকা হাইকোর্টের তিন বিচারপতি তাঁদের নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।
বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার সাংবাদিকদের বলেন, আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র ও আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পিলখানা হত্যা মামলার গুরুত্ব ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
হাইকোর্টের এই বেঞ্চে পিলখানা হত্যা মামলায় ১৫২ জন আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি চলছে। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার।
চলতি বছরের ১৮ জানুয়ারি হাইকোর্টে পিলখানা হত্যা মামলার শুনানি শুরু হয়। ১ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত, রায়সহ বই) উপস্থাপন শেষ করে। ৮ নভেম্বর থেকে যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ।
২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদণ্ডাদেশ, ১৬১ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন নিম্ন আদালত। পরে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে যায়। বিভিন্ন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে আসামিপক্ষ। এ ছাড়া ৬৯ জনকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।