তিন বিজ্ঞানী বদলি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) বিজ্ঞানীদের লাঞ্ছিত করার ঘটনার পর তিন বৈজ্ঞানিক কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। গতকাল বুধবারের মধ্যে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিআরআরআই সূত্র জানায়, বদলি করা তিন কর্মকর্তা হলেন কৃষি পরিসংখ্যান বিভাগের প্রধান শাহজাহান কবীর, ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও পরিচালক (গবেষণা) মো. শমসের আলী। ঘটনার সঙ্গে প্রথম দুজনের সংশ্লিষ্টতা থাকলেও শমসেরকে কেন বদলি করা হলো, তা বোঝা যাচ্ছে না।
গত সোমবার ইনস্টিটিউটের পরিচালকের কক্ষে সভা চলাকালে পরিচালকের সামনেই কৃষি পরিসংখ্যান বিভাগের প্রধান শাহজাহান কবীরের পক্ষের শ্রমিকেরা বিজ্ঞানীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিজ্ঞানী রেজাউল মনিরকে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গেলে বৈজ্ঞানিক কর্মকর্তা তাপস কুমারও শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন। পরে বিজ্ঞানীরা অন্য সহকর্মীদের নিয়ে মহাপরিচালককে বিষয়টি জানিয়ে জড়িত শ্রমিকদের শাস্তি দাবি করেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল বুধবার পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় বিজ্ঞানীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিজ্ঞানী সমিতির সভাপতি মো. আনছার আলী জানান, বিআরআরআইয়ে বিজ্ঞানীরা এখন নিরাপত্তাহীন। প্রকৃত ঘটনা আড়াল করতেই ওই তিন বিজ্ঞানীকে বদলি করা হয়েছে। কিন্তু বিজ্ঞানী মনিরকে লাঞ্ছিত করার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার বিজ্ঞানী সমিতির সাধারণ সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিআরআরআইয়ের মহাপরিচালক মো. সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের গবেষণা ও সার্বিক পরিচালনার স্বার্থে তিনজনকে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার রাতে তাৎক্ষণিক বদলি করা হয়। আদেশ অনুযায়ী গতকাল বুধবারের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, বৈজ্ঞানিক কর্মকর্তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
সাধারণ ডায়েরি: মারধর করায় ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে জয়দেবপুর থানায় গত মঙ্গলবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল মনির। জিডিতে তিনি শ্রমিক নেতা মামুন হোসেন, আবদুল মজিদ, খোরশেদ আলম, দুলাল মিয়া ও মো. মামুন, উদ্ভিদ প্রজনন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা শরীফুল ইসলাম, ফলিত গবেষণা বিভাগের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এনামুল হক ও সহকারী পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে অভিযোগ আনেন।