তিন বিদ্যালয় ঘেঁষে ইটভাটা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী উচ্চবিদ্যালয়ের সঙ্গেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। ভাটার ধোঁয়া, শব্দ, ধুলোয় ছাত্রছাত্রীদের শিক্ষা ও স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ বিদ্যালয়ের পাশেই দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেউলী বালিকা উচ্চবিদ্যালয়। ভাটাসংলগ্ন তিন দিকেই রয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকা। সরেজমিনে গত রোববার সকালে দেখা গেছে, দেউলী উচ্চবিদ্যালয়ের কার্যালয় ও শ্রেণীকক্ষ ঘেঁষে গড়ে তোলা হয়েছে ইটভাটা। শ্রেণীকক্ষের পাশ ঘেঁষে সারি সারি ইট রাখা হয়েছে। একটু পরপরই ট্রাক যাওয়া-আসা করছে। এ কারণে ধুলার ঝাপটা ঢুকে পড়ছে শ্রেণীকক্ষে। এলাকাবাসী জানান, প্রায় ১১ বছর আগে বিদ্যালয় ও বসতবাড়ির মাঝখানে ইটভাটা স্থাপন করা হয়। সে সময় এলাকাবাসী এখানে ইটভাটা স্থাপন না করার জন্য বিভিন্ন জায়গায় ধরনা দেন। জাতীয় সংসদের তৎকালীন বিরোধীদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ রেজাউল বারীর কাছে লিখিত আবেদন করেন। হুইপ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এর পরও ইটভাটা বন্ধ হয়নি। ভাটাসংলগ্ন বিলপাড়া গ্রামের আতাউর রহমান (৩৫) জানান, প্রভাবশালী ব্যক্তিরা ইটভাটা তৈরি করায় এলাকার লোকজন ভয়ে প্রতিবাদ করতে পারেননি। এখনো এলাকার অনেক ক্ষতি হলেও কেউ মুখ খুলতে পারছেন না। দেউলী গ্রামের সুকমল চন্দ্র (৪০), বিকাশ সাহা (৩৫) ও আজিজুর রহমান (৪০) জানান, ভাটার অবস্থান দেউলী গ্রামে হলেও ইট তৈরির মাটি অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। মাটি ও ইট বহনের ট্রাকগুলো যাতায়াতের কারণে গ্রামের কাঁচা সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। দেউলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার জানান, ইটভাটার কয়লা-ভাঙা, শ্রমিকদের হইহুল্লোড় ও বিকট শব্দের কারণে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পাঠদানে অসুবিধা হয়। শিক্ষক আবদুল কুদ্দুছ জানান, তিন প্রতিষ্ঠানের ৭৮০ জন ছাত্রছাত্রী বিড়ম্বনার মধ্যে পড়েছে। পরিস্থিতি বর্তমানে এমন যে এ নিয়ে কথা বলার কেউ নেই। তাই তাঁরা এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন। দেউলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আরিফুর রহমান জানায়, ইট পোড়ানোর সময় প্রচুর ধোঁয়া হয়। সে ধোঁয়া জানালা দিয়ে শ্রেণীকক্ষের ভেতরে ঢুকে পড়ে। তখন চোখ জ্বালা করে। একটু বাতাস হলেই ভাটার বালু, ছাই ক্লাসের মধ্যে চলে আসে। তখন দরজা-জানালা বন্ধ না করলে ক্লাস করা যায় না। আর ভাটার বিভিন্ন ধরনের শব্দের কারণে পড়াশোনার মনোযোগ নষ্ট হয়। দেউলী পশ্চিমপাড়া গ্রামের কৃষক অনন্ত কুমার দাস (৩৮) জানান, ইটভাটা স্থাপনের পর তাঁদের এলাকায় রবিশস্যের ফলন কমে গেছে। আম, জাম, কাঁঠাল ও লিচুগাছেও আগের মতো ফলন হচ্ছে না। ঘরের মধ্যে ধোঁয়া ঢুকছে। ধোঁয়ার কারণে গাছের পাতাও শুকিয়ে যাচ্ছে। শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু সালেহ দ্বীন মোহমঞ্চদ জানান, ইটভাটা থেকে নির্গত ধোঁয়ার কণা মারাত্মক ক্ষতিকর। বাতাসে এর পরিমাণ বৃদ্ধি পেলে তা অ্যাজমাসহ নানা ধরনের জটিল রোগ সৃষ্টি করে। ধোঁয়া ও বালিতে শিশুদের সর্দি-কাশি, শ্বাসকষ্ট রোগ হয়। পড়াশোনা করতে যে মনোযোগের প্রয়োজন, সেটারও ঘাটতি হয়। ভাটার মালিক ফিরোজ আহমেদ জানান, তিনি-চার বছর আগে এ ভাটা আগের মালিকের কাছ থেকে নিয়েছেন। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ভাটা স্থাপনের সময়েই এর প্রতিবাদ করা উচিত ছিল। এখন আর কিছুই করার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বলেন, ইটভাটার কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। বিষয়টি জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন। এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে এলাকাবাসী যেকোনো উদ্যোগ নিলে তিনি তাঁদের সঙ্গে থাকবেন। ক্ষতিগ্রস্ত লোকজন ভাটা বন্ধের আবেদন করলে তিনি তাতে জোর সুপারিশ করবেন।