জমি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। জটিলতা নিরসনের জন্য বিদ্যালয় কমিটি স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক করেও কোনো সুরাহা করতে পারেনি। এতে ওই তিন বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ কবে শুরু হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, শ্রেণীকক্ষের সংকট নিরসনে কালারমারছড়া সর্দারঘোনা, কালারমারছড়া আঁধারঘোনা ও শাকের মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য প্রকৌশল অধিদপ্তর চলতি বছরের মার্চে দরপত্র আহ্বান করে। একেকটি দ্বিতল ভবনের জন্য বরাদ্দ দেওয়া হয় ৮৩ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।
ভবনগুলোর নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শোভন এন্টারপ্রাইজ, মহেশখালী এন্টারপ্রাইজ ও মোহাম্মদ কাসেম এন্টারপ্রাইজ। কার্যাদেশ অনুযায়ী, এপ্রিল মাসে নির্মাণকাজ শুরু করে এক বছরের মধ্যে শেষ করার কথা। কিন্তু ঠিকাদারের লোকজন ওই তিন বিদ্যালয়ের নতুন ভবনের কাজ করতে গেলে ভবনের জায়গা নিয়ে দেখা দেয় নানা জটিলতা। এতে গত ছয় মাসেও নির্মাণকাজ শুরু করা যায়নি।
কালারমারছড়া আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের কিছু জমি পাশের মাদ্রাসার সীমানার ভেতরে চলে যায়। একইভাবে মাদ্রাসার জমিও বিদ্যালয়ের সীমানায় চলে আসে।
তিনি বলেন, ঠিকাদারের লোকজন নতুন ভবনের কাজ করতে এলে জমি নিয়ে জটিলতা দেখা দেয়। এ কারণে নতুন ভবনের নির্মাণকাজ এখনো শুরু হয়নি। মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে জমি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের চেষ্টা চলছে।
ঠিকাদার মোস্তফা আনোয়ার বলেন, জমি নিয়ে জটিলতার কারণে ভবনের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।
জায়গা নিয়ে জটিলতা থাকায় কালারমারছড়া সর্দারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাকের মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।
মহেশখালী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশারেফ হোসেন প্রথম আলোকে বলেন, তিন বিদ্যালয়ের ভবন নির্মাণ করতে গেলে জমি নিয়ে জটিলতা দেখা দেয়। তাই জমি নিয়ে জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ওই তিন বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছে না।