পঞ্চগড় মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজে শিক্ষকের ২১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে অর্থনীতি, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে কোনো শিক্ষকই নেই। এ অবস্থায় শিক্ষার্থীরা সুষ্ঠু ও কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজে ছাত্রীনিবাস, মিলনায়তন, প্রশাসনিক ভবন, গ্রন্থাগার, চিত্তবিনোদন ও খেলাধুলার উপকরণের ব্যবস্থা নেই। কলেজের সীমানাপ্রাচীর নেই। ছাত্রাবাসের অবস্থা জরাজীর্ণ। পাঁচ বিষয়ে সম্মান কোর্স চালু করা হলেও ডিগ্রি কলেজের কাঠামোর চেয়েও কম শিক্ষক দিয়ে পাঠদান চলছে। এ কারণে শিক্ষার্থীরা নির্ধারিত ক্লাস ও পাঠ্যসূচি শেষ না করেই চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন। তা ছাড়া এখানে সমাজকল্যাণ বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও এ বিষয়ে শিক্ষকের কোনো পদ সৃষ্টি করা হয়নি।কলেজ সূত্রে জানা যায়, শিক্ষানুরাগী ও শিল্পপতি মকবুলার রহমান এলাকাবাসীর সহযোগিতায় ১৯৬৫ সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৩ সালের ১ মে কলেজটিকে জাতীয়করণ করা হয়। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনায় সম্মান কোর্স চালু করা হয়। বর্তমানে তিন হাজার শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে।এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী সম্মানের প্রতি বিষয়ে সাতজন করে শিক্ষক থাকার কথা থাকলেও কলেজে পাঁচটি বিষয়ে সম্মান শ্রেণীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র সাতজন। এর মধ্যে অর্থনীতি, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। তাই ১২ জন খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস চালানো হচ্ছে।বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আবদুস সামাদ জানান, ছাত্রাবাসে থাকার পরিবেশ নেই। দরজা-জানালা ভাঙা, ডাইনিংয়ের বেসিন নেই। টিউবওয়েলে গিয়ে থালাবাসন ধোয়ার কাজ করতে হয়। সেমিনার হলে পর্যাপ্ত বই নেই, গ্রন্থাগার একটি থাকলেও সেখানে কোনো গ্রন্থাগারিক নেই। ছাত্রদের জন্য নেই কোনো কমনরুম। টিভি নষ্ট। চিত্তবিনোদন ও খেলাধুলার তেমন কোনো ব্যবস্থা নেই। ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মরিয়ম আকতার জানান, মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে তাঁদের বিভাগ। খণ্ডকালীন শিক্ষক দিয়েও সব ক্লাস হচ্ছে না। এ ছাড়া বিনোদনের কোনো ব্যবস্থা নেই। ভেতরে ক্যানটিন নেই। একই কথা বলেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সামসুন নাহার ও খাদিজা পারভীন। এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন রানা, রেজাউল করিম ও হাবিবুর রহমান জানায়, কলেজের সীমানাপ্রাচীর নেই। বহিরাগতরা এখানে অবাধে বিচরণ করে। এ ছাড়া স্থানীয় লোকজন কলেজের ভেতর দিয়ে যাতায়াত করায় লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে কলেজের উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান প্রথম আলোকে বলেন, জেলার একমাত্র এই কলেজে সম্মান শ্রেণীতে পড়াশোনার সুযোগ রয়েছে। অবহেলিত এই জেলার শিক্ষার মানোন্নয়নে মাস্টার্স বিষয় খোলা দরকার। একই সঙ্গে প্রয়োজন প্রতিটি বিষয়ে শূন্য জনবল পূরণ করা। কলেজের বর্তমান শিক্ষার্থীর সংখ্যার তুলনায় কর্মরত শিক্ষকের সংখ্যা অনেক কম। সীমানাপ্রাচীর, ক্যানটিন, গ্রন্থাগার, মিলনায়তন, ছাত্রীনিবাসেরও প্রয়োজন রয়েছে।